২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমোদ মানকিনকে শেষ শ্রদ্ধা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্র ও সরকার প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 08:09 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

পুরনো খবর:

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই
জাতি হারাল দেশপ্রেমিক, দল হারাল পরীক্ষিত নেতা: প্রধানমন্ত্রী

প্রমোদ মানকিনকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাখা হয় তার কফিন।

রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগ নেতা প্রমোদ মানকিন (৭৭ ) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।

৫ম, ৮ম, ৯ম ও ১০ম জাতীয় সংসদের সদস্য প্রমোদ মানকিনের মরদেহে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হুইপ মো. সেলিম।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং প্রধান হুইপ আ স ম ফিরোজও তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রমোদ মানকিনের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

এর আগে সশস্ত্র বাহিনীর একটি দল প্রমোদ মানকিনের মরদেহের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেয়।

পরে তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও।

অনুষ্ঠানে প্রমোদ মানকিনের নির্বাচনী এলাকাসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন।

সেখান থেকে তার কফিন নিয়ে যাওয়া হয়েছে ময়মনসিংহে।

ময়মনসিংহ সদর ক্যাথলিক চার্চে প্রার্থনা সভার পর প্রমোদ মানকিনের মরদেহ নেওয়া হবে হালুয়াঘাটে, তার নিজের বাড়িতে।

শুক্রবার হালুয়াঘাট মডেল স্কুল প্রাঙ্গণে সবার শ্রদ্ধা নিবেদনের পর তাকে সমাধীস্থ করা হবে।