২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি হারাল দেশপ্রেমিক, দল হারাল পরীক্ষিত নেতা: প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতিতে তার অবদান দেশের মানুষ মনে রাখবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

আওয়ামী লীগ নেতা প্রমোদ মানকিন বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি।

গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।

Image
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন (ফাইল ছবি)

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেছেন, “বীর মুক্তিযোদ্ধা প্রমোদ মানকিনের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো আর বাংলাদেশ আওয়ামী লীগ হারালো একজন পরীক্ষিত নেতাকে। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতিতে তার অবদান দেশের মানুষ আজীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

প্রতিমন্ত্রী প্রমোদের মৃত্যুতে শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।

এক বার্তায় তিনি বলেন, “প্রমোদ মানকিন একজন নম্র ও ভদ্র প্রকৃতির লোক ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমী ও ত্যাগী নেতাকে হারাল।”

পুরনো খবর:

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই