২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু বৃহস্পতিবার

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফর শীর্ষ পর্যায়ের পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 09:36 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এ সম্মেলনে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। দুই দেশের প্রতিনিধিরা তাদের দাবি তুলে ধরে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন।

সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল বুধবারই ঢাকায় পৌঁছেছে। বিএসএফ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন দলে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে বাংলাদেশের ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। এতে বিজিবির আঞ্চলিক কমান্ডার, সেক্টর কমান্ডারসহ শীর্ষ কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং সার্ভে অব বাংলাদেশের কর্মকর্তারা থাকবেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি/হত্যা/আহত করা নিয়ে আলোচনা হবে।

আলোচনা হবে ওপার থেকে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, বাংলাদেশি নাগরিকদের আটক, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, অস্ত্র ও বিস্ফোরক পাচার, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ এবং উভয় দেশের সীমান্তের নদী তীর সংরক্ষণ কাজে সহায়তা নিয়ে।

ভারতীয় প্রতিনিধি দলকে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানও পরিদর্শন করাবে বিজিবি।

সীমান্ত সম্মেলন উপলক্ষে বিএসএফ পরিচালিত কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন- বাওয়া’র নয় সদস্যের প্রতিনিধি দলও বাংলাদেশ সফর করছে।

'বাওয়া’ প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে বিজিবি পরিচালিত কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’ এর বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড পরিদর্শন করবে।

বাওয়া’র নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালকের স্ত্রী রেনু শর্মা। সীপকস’র নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালকের স্ত্রী দিলশাদ নাহার আজিজ।

১৬ মে সকালে যৌথ দলিল সইয়ের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।