২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিবদের নেতৃত্বে হবে ‘বিশেষজ্ঞ পুল’

নিজ নিজ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও দপ্তর/সংস্থার প্রধানদের নিয়ে বিশেষজ্ঞ পুল গঠন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাকে আরও ফলপ্রসু করতে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করেছে।

এতে বলা হয়, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার কৌশলগত উদ্দেশ্য, কার্যক্রম ও লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ফলাফল মূল্যায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের অবসরপ্রাপ্ত সচিব বা দপ্তর/সংস্থার প্রধানকে অন্তর্ভুক্ত করে তিন সদস্যের মন্ত্রণালয়/বিভাগভিত্তিক বিশেষজ্ঞ পুল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এই বিশেষজ্ঞ পুল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার প্রস্তুতকৃত কর্মসম্পাদন চুক্তির খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন বা পরিমার্জনে পরামর্শ দেবে।

জনপ্রশাসনের কর্মকর্তাদের কাজের তদারকিতে সরকারি কর্মসম্পাদনা ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি- এপিএ অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে এক বছরের লক্ষ্যমাত্রা জানাতে হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রণালয়/বিভাগকে সেই লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহায়তা করছে।

মন্ত্রণালয় ও বিভাগগুলোকেও বাস্তবতার ভিত্তিতে অধীনস্থ সব অফিসের সঙ্গেও এপিএ করতে হয়েছে।

আদেশে বলা হয়েছে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করে বিশেষজ্ঞ পুল প্রয়োজনীয় পরামর্শ দেবে।

এছাড়া বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে যথাযথ সহায়তা দিতেও এই বিশেষজ্ঞ পুলকে নির্দেশনা দেওয়া হয়েছে।