স্বাভাবিক হওয়ার অপেক্ষায় সদরঘাট
নৌযান শ্রমিকদের দুটি সংগঠন ধর্মঘট ডাকলেও মালিকরা লঞ্চ ছাড়ার উদ্যোগ নেওয়ায় স্বাভাবিক হওয়ার পথে রয়েছে সদরঘাট।
ধর্মঘটের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে বিভিন্ন গন্তব্যের বেশ কিছু যাত্রী লঞ্চ না পেলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে থাকলে লঞ্চ ছাড়াও শুরু হয়, কমতে থাকে যাত্রীদের ভোগান্তি।
বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও লঞ্চমালিকরা জানান, স্বাভাবিক সময়ে এই দিনে সদরঘাট থেকে যতগুলো লঞ্চ ছাড়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার প্রায় অর্ধেক বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান শুক্রবার মাদারীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানিয়েছেন, ধর্মঘটে যাওয়া শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. শরিফ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ১৬টি লঞ্চ ছেড়ে যায়।
“আরও ৭টি লঞ্চ সদরঘাটে অপেক্ষা করছে। প্রায় সব রুটেই লঞ্চ আছে।”
স্বাভাবিক সময়ে শুক্রবার সারা দিনে সদরঘাট থেকে ৪০-৫০টি লঞ্চ ছেড়ে যায় বলে শরিফ জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার (লঞ্চ মালিক সমিতি) জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বলেন, “বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার অনেক বেশি লঞ্চ যাচ্ছে, শনিবার পুরোদমে ছাড়বে।”
যে দাবি তুলে নৌযান শ্রমিকরা ধর্মঘট ডেকেছে তাকে ‘অযোক্তিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “২০১৮ সালের আগে শ্রমিকরা বেতন বাড়ানোর কথা বলতেই পারেন না। কারণ ২০১৩ সালে এবং ১৪ সালে শ্রমিকদের বেতন প্রায় ৭০ শতাংশ বাড়ানো হয়েছে।”
“তাই আমরা লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”
মালিক সমিতি ‘জোর করে’ শুধু সুকানি দিয়ে লঞ্চ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতির শাহ আলম ভূঁইয়া।
তিনি বলেন, “ওই সব লঞ্চে কোনো মাস্টার ও চালক নেই।”
এবিষয়ে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ চন্দ্র শাহা বলেন, “প্রত্যেকটি লঞ্চের মাস্টার ও চালকের নাম দেখেই ছাড়ার অনুমতি দেওয়া হয়।”
সঙ্কট নিরসনে আলোচনা করতে লঞ্চ মালিক ও নৌযান শ্রমিকদের শনিবার বিকালে বৈঠকে ডেকেছে শ্রম মন্ত্রণালয়।
লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা মো. গোলাম কিবরিয়া টিপু বলেন, “শনিবার বিকাল সাড়ে ৪টার মালিকদের ও শ্রমিকদের নিয়ে শ্রম মন্ত্রণায় বসছে। আমরা সেখানে যাব।”
নৌযান শ্রমিকদের নেতা শাহ আলমও জানালেন, তাদেরও শ্রম মন্ত্রণালয়ে ডাকা হয়েছে, তারা যাবেন।
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ডাকে বুধবার রাত ১২টা থেকে সারা দেশে নৌযান ধর্মঘট চলছে। ধর্মঘটের প্রথম দিন বৃহস্পতিবার যাত্রীদের ব্যাপক ভোগান্তির মধ্যে লঞ্চ চালানোর ঘোষণা দেয় মালিকপক্ষ।
