২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ ধর্মঘটে ভোগান্তি, ক্ষতিতে আমদানিকারকরা

সারা দেশে নৌ পরিবহন শ্রমিকদের ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে নৌ চলাচল। যাত্রীদের ভোগান্তির পাশাপাশি বন্দরে পণ্য খালাস ও পরিবহন বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারকরা।

নিজস্ব প্রতিবেদক

ও জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 12:08 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

পুরনো খবর:

শ্রমিক ধর্মঘটে ভোগান্তি নৌযাত্রীদের

ধর্মঘটের দ্বিতীয় দিন শুক্রবার মালিকদের উদ্যোগে ঢাকার সদরঘাট থেকে সীমিত পরিসরে লঞ্চ ছাড়লেও ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। সকালে সদরঘাটে নির্ধারিত সূচি অনুযায়ী বরিশালের উদ্দেশ্যে গ্রিনলাইন লঞ্চটি ছেড়ে গেলেও চাঁদপুরের উদ্দেশ্যে জড়ো হওয়া যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়।

বিআইডাব্লিউটিএর পরিবহন পরিদর্শক হুমায়ন আহমেদ জানান, সকালে গ্রিনলাইন সময় মতো ছেড়েও গেলে চাঁদপুরের উদ্দেশ্যে শুধু এমভি ফারহান-১ নামের একটি লঞ্চ ছেড়ে যায়।

স্বাভাবিক সময়ে বরিশাল থেকে যাত্রী নিয়ে সকালে যেসব লঞ্চ সদরঘাটে আসে সেগুলো পরবর্তী যাত্রা করে বিকালের পর থেকে। তবে সকালে সদরঘাট থেকে চাঁদপুর ও তার আশপাশের লঞ্চগুলো ছেড়ে যায়।

নির্ধারিত সূচি অনুযায়ী সকালের পালায় চাঁদপুরের কোনো লঞ্চই যাত্রী নিতে সদরঘাটে না ভেড়ায় বরিশাল রুটের এমভি ফারহান-১ দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে এই একটি মাত্র লঞ্চে যাত্রীদের স্থান সংকুলান না হওয়ায় অনেককেই অপেক্ষায় থাকতে হয়।

এছাড়া লঞ্চটিতে চাঁদপুরগামী লঞ্চের মতো কেবিন না থাকায়ও অনেককে পিছিয়ে যেতে হয়। তাদের একজন শরিফুল ইসলামের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়।

গ্রামের বাড়ি চাঁদপুরের ইচলিতে যাওয়ার জন্য স্ত্রী রাবেয়াকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে সদরঘাটে আসেন শরিফুল।

“ঘাটে এসে লঞ্চ না দেখে হতাশ হয়ে পড়ি। পরে মাইকে এমভি ফারহান-১ এর যাওয়ার ঘোষণায় আশাবাদী হলেও কেবিন না পাওয়ায় আর যাওয়া হয়নি। ঘাটেই অপেক্ষা করতে থাকি।”

পরে বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রীকে নিয়ে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চে ওঠেন তিনি।

সকালে সদরঘাট থেকে পাঁচ থেকে ছয়টি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও সূচি অনুযায়ী শুধু এই লঞ্চটি ছেড়ে যায় বলে ঘাট কর্মকর্তারা জানান।   

মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ডাকে বুধবার রাত ১২টা থেকে সারা দেশে নৌযান ধর্মঘট চলছে। ধর্মঘটের প্রথম দিন বৃহস্পতিবার যাত্রীদের ব্যাপক ভোগান্তির মধ্যে লঞ্চ চালানোর ঘোষণা দেয় মালিকপক্ষ।

তবে ওই দিন সদরঘাট থেকে ছেড়ে গেছে ১৯টি লঞ্চ, যেখানে অন্যান্য দিন দেশের দক্ষিণ জনপদের বিভিন্ন গন্তব্যে ৫০টির বেশি লঞ্চ ছেড়ে যায় বলে বিআইডাব্লিউটিএর পরিদর্শক হুমায়ন জানান।

এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী নিয়ে সকালে সদরঘাটে এসেছে ১১টি লঞ্চ, যেখানে অন্যান্য সময় অর্ধশতাধিক লঞ্চ ঢাকা আসে।

‘অচল’ মংলা বন্দর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও লাইটারেজ জাহাজি শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের দ্বিতীয় দিনেও কাজ বন্ধ রয়েছে মংলা বন্দরে।

মংলা বন্দরের সহকারী ব্যবস্হাপক (ট্রাফিক)কাজী মোক্তাদির হোসেন বলেন, বন্দরে বর্তমানে গ্যাস, ক্লিংকার, মেশিনারিজ ও কয়লাবাহী মোট আটটি জাহাজ অবস্থান করছে।

“ধর্মঘটের ফলে মাদার ভেসেল থেকে পণ্য বন্দরের জেটিতে আনা-নেওয়া এবং বন্দর থেকে নদী পথে দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহন বন্ধ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব জাহাজ থেকে পণ্য খালাস করতে না পারায় সংশ্লিষ্ট আমদানিকারকদের জাহাজ মালিককে প্রতিদিন গড়ে পাঁচ হাজার ডলার বাড়তি ভাড়া গুণতে হচ্ছে।

আশুগঞ্জে আটকা কয়েকশ কার্গো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শ্রমিকদের ধর্মঘটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরে পণ্যবাহী কয়েকশ কার্গোজাহাজ আটকা পড়েছে।

কার্গোজাহাজ ছাড়াও লঞ্চ, বাল্কহেড, তেলবাহী ট্যাংকার, বালুবাহী নৌকা ও লাইটার জাহাজসহ সব ধরনের নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।

শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি নিয়ে পূর্বাঞ্চলীয় কার্গো মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান হামদু বলেন, “কিছুদিন আগে নৌযান শ্রমিকদের দাবির প্রেক্ষিতে বেতন- ভাতা প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছে। এখন আবারও বেতন বাড়ানোর দাবি অযৌক্তিক।”

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মো. হাবিবুল্লাহ বাহার বলেন, “আমাদের যৌক্তিক এই ১৫ দফা দাবি মানা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”

চাঁদপুরেও ভোগান্তি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, শ্রমিকদের ধর্মঘটের কারণে ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, ভোলাসহ অন্তত ২০টি রুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এতে দুর্ভোগে পড়ছেন চাঁদপুর লঞ্চঘাটে আসা যাত্রীরা।