মোবাইল ব্যাংকিং প্রতারণায় গ্রেপ্তাররা ‘গ্রামীণফোনের কেউ নয়’
গ্রামীণফোনের সিম নকল করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার দাবি পুলিশ করলেও বেসরকারি মোবাইল অপারেটরটি বলছে, তাদের সিম ব্যবহার করে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশের অভিযানে গ্রেপ্তার পাঁচজনের কেউ গ্রামীণফোনের কর্মচারী নন বলেও দাবি করেছে তারা।
গত সোমবার সিআইডি এক সংবাদ সম্মেলনে এজেন্ট ও সাধারণ গ্রাহকদের সিম নকল করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ায় জড়িত অভিযোগে গ্রামীণফোনের কাস্টমার কেয়ারের পাঁচ কর্মচারীসহ চক্রটির ১১ জনকে গ্রেপ্তারের খবর জানায়।
তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় বুধবার এক ব্যাখ্যায় গ্রামীণফোন বলেছে, “আজ ২০ এপ্রিল প্রকাশিত কিছু সংবাদে গ্রামীণফোনকর্মী কর্তৃক সিম ক্লোনিং এর যে ইঙ্গিত দেওয়া হয়েছে তার কোনো বাস্তবতা নেই।
“গ্রামীণফোন গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনার তদন্তের বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুজ্জামান জানান, গ্রেপ্তার ১১ জনের মধ্যে গ্রামীণফোনের কাস্টমার কেয়ারের পাঁচ কর্মচারী হলেন- সাজিদুল্লাহ দস্তগীর (২৩), হাসানুর রহমান (২৭), মুরাদ হোসেন (৩২), ইমরান ওরফে মিরাজ (২৫) এবং শ্যামল বাড়ৈ (২৭)।
গ্রামীণফোন তাদের ব্যাখ্যায় বলেছে, “এখনে উল্লেখ্য যে, এই ঘটনায় ১৮ এপ্রিল গ্রামীণফোনের কোনো কর্মকর্তা বা কর্মী গ্রেপ্তার হননি। আমাদের জানা মতে, গ্রেপ্তারকৃতদের কয়েকজন বিভিন্ন খুচরা বিক্রেতার দোকানে কর্মরত; যেখানে গ্রামীণফোনের নির্দিষ্ট কিছু সেবা প্রদান করা হয়।”
মোবাইল আর্থিক সেবা একাউন্টের ক্ষেত্রে গ্রাহকের অর্থের নিরাপত্তা দেওয়ার দায় কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী তাদের উপর বর্তায় না বলেও দাবি করা হয়েছে গ্রামীণফোনের ব্যাখ্যায়।
“গ্রামীণফোন পরিষ্কারভাবে বলতে চায় যে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী যে কোনো মোবাইল আর্থিক সেবা একাউন্টের ক্ষেত্রে গ্রাহকের অর্থের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা সম্পূর্ণভাবেই সংশ্লিষ্ট মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দায়িত্ব।”
সিআইডি জানিয়েছিল, রাজধানীর মতিঝিল থানায় রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর করা মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় তারা।
বিষয়টি নিয়ে সেদিন গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা একটি এসএমএসে জানিয়েছিল, এ ব্যাপারে তারা আনুষ্ঠানিকভাবে জানতে পরেনি। ফলে মন্তব্য করতে পারছে না।
পর্যাপ্ত তথ্য পাওয়ার পরই গ্রামীণফোনের কাস্টমার কেয়ারে কর্মরত কর্মচারীদের গ্রেপ্তার করার কথা জানিয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম বলেছিলেন, এসব কর্মচারীর সহায়তায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট বা সাধারণ গ্রাহকের নম্বরের তথ্য সংগ্রহ করে একটি প্রতারক চক্র।
“চক্রটি টার্গেট এজেন্ট বা গ্রাহকের সিম সংক্রান্ত তথ্য নেওয়ার পর তা অবিকল নকল করে কাস্টমার কেয়ারে কর্মরত কর্মচারীদের সহায়তায় সিম তুলে নেয় এবং ওই সিমে থাকা টাকা তুলে আত্মসাৎ করে।”
