মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা: গ্রামীণফোনের ৫ কর্মচারী গ্রেপ্তার
এজেন্ট ও সাধারণ গ্রাহকদের সিম নকল করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ায় জড়িত একটি চক্রের ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ; যাদের পাঁচজন গ্রামীণফোনের কর্মচারী।
রাজধানীর মতিঝিল থানায় রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর করা মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি চক্রটির সন্ধান পায় বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানান বিভাগটির কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি শাহ আলম।
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুজ্জামান জানান, গ্রেপ্তার ১১ জনের মধ্যে পাঁচজন গ্রামীণফোনের কাস্টমার কেয়ারের কর্মচারী।
তারা হলেন- সাজিদুল্লাহ দস্তগীর (২৩), হাসানুর রহমান (২৭), মুরাদ হোসেন (৩২), ইমরান ওরফে মিরাজ (২৫) এবং শ্যামল বাড়ৈ (২৭)।
অন্যরা হলেন- জাহিদ হোসেন (২৪), দেলোয়ার হোসেন (২৭), মাহবুব শেখ (২৬), তন্ময় হোসেন (১৯), কপিল গাইন (২৪) এবং সাদ্দাম হোসেন ওরফে ওসমান (২৫)।
এর মধ্যে শ্যামল, কপিল, তন্ময়, সাদ্দাম, মাহবুব এবং দেলোয়ার রিমান্ডে রয়েছে।
বিষয়টি নিয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা একটি এসএমএসের মাধ্যমে জানায়, এ ব্যাপারে তারা আনুষ্ঠানিকভাবে জানতে পরেনি। ফলে তারা মন্তব্য করতে পারছে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফকিরাপুলের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রাওয়াহ এন্টারপ্রাইজের মালিক রফিকুল অভিযোগ করেন গত ৩১ জানুয়ারি বিকালে এক ব্যক্তি তার মোবাইল নম্বরের অনুকূলে দোকানের এজেন্ট নম্বর থেকে দুই দফায় ২৪ হাজার ৫ শত এবং ৫ হাজার টাকা ক্যাশ আউট করেন।
সেদিন রাতে অপর এক ব্যক্তি দোকানে এসে ১ হাজার টাকা ক্যাশ আউট করতে চাইলে এজেন্ট নম্বরটি ডিঅ্যাক্টিভেটেড দেখায়।
রফিকুল হক বিষয়টি সঙ্গে সঙ্গে ডাচ বাংলা ব্যাংক ও বিকাশ কর্তৃপক্ষকে জানান এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন, অন্য কেউ নকল করে তার সিম তুলে নিয়েছে। পরে নতুন করে সিম তুলে দেখেন, তার একাউন্টে কোনো টাকা নেই। এরপরই রফিকুল মতিঝিল থানায় মামলাটি করেন।
সিআইডি কর্মকর্তা শাহ আলম সংবাদ সম্মেলনে বলেন, মামলাটির তদন্ত করতে গিয়ে রাজধানী ঢাকা এবং মাদারীপুর ও ফরিদপুরসহ বিভিন্ন স্থান থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
পর্যাপ্ত তথ্য পাওয়ার পরই গ্রামীণফোনের কাস্টমার কেয়ারে কর্মরত কর্মচারীদের গ্রেপ্তার করার কথা জানিয়ে তিনি বলেন, এসব কর্মচারীর সহায়তায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট বা সাধারণ গ্রাহকের নম্বরের তথ্য সংগ্রহ করে একটি প্রতারক চক্র।
“চক্রটি টার্গেট এজেন্ট বা গ্রাহকের সিম সংক্রান্ত তথ্য নেওয়ার পর তা অবিকল নকল করে কাস্টমার কেয়ারে কর্মরত কর্মচারীদের সহায়তায় সিম তুলে নেয় এবং ওই সিমে থাকা টাকা তুলে আত্মসাৎ করে।”
চক্রটি দীর্ঘদিন ধরে একাজ করছে জানিয়ে সিআইডি কর্মকর্তা আলম বলেন, “তারা (চক্রটি) একটি ‘অভিযান’ এর জন্য বেশ সময় নেয় এবং নানা কৌশলে এজেন্টের পাসওয়ার্ড (পিন) সংগ্রহ করে।”
প্রযুক্তি ব্যবহার করেই তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার আবদুল্লাহ হেল বাকী ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খাঁন উপস্থিত ছিলেন।
