এমপিদের অফিস খরচের বরাদ্দ বাড়ানোর সুপারিশ
সংসদ সদস্যদের অফিস খরচ ছয় হাজার টাকা বাড়িয়ে ‘মেম্বর অব পার্লামেন্ট (রেমুন্যারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৬’ বিলটি চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।
সোমবার সংসদ ভবনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই সুপারিশ করে বিলটি চূড়ান্ত করা হয়।
সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানো সংক্রান্ত বিলটি গত ২৪ জানুয়ারি সংসদ অধিবেশনে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
২৭ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে বিলের বিষয়ে আপত্তি জানায় কমিটি সদস্যরা। তারা বলেন, সচিবরা ৮২ হাজার টাকা বেতন পেলেও প্রস্তাবিত আইনে সংসদ সদস্যদের জন্য ৫৫ হাজার টাকা সম্মানি ভাতা রাখা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া কমিটির এক সদস্য বলেন, “আগের বৈঠকে আলোচিত ওই বিলটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত হলেও সোমবারের বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার উপস্থিতিতে বিষয়টি নিয়ে আবারো আলোচনা হয়।
“সেখানে সংসদ সদস্যদের অফিস খরচ নয় হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। বিলটির মাধ্যমে সচিবদের থেকে সংসদ সদস্যদের বেতন-ভাতা বেশি হবে।”
সংসদে উত্থাপিত বিলটি পাস হলে সংসদ সদস্যদের বেতন-ভাতা আগের বেতন-ভাতা থেকে দ্বিগুণ হবে।
বিলে সংসদ সদস্যদের বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা তিন হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা, দৈনিক ভাতা ৩০০ টাকার স্থলে ৭৫০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা, নির্বাচনী এলাকার খরচ (মাসিক) সাত হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।
এছাড়া পরিবহন খরচ ভাতা (মাসিক) ৪০ হাজারের পরিবর্তে ৭০ হাজার টাকা, অভ্যন্তরীণ ভ্রমণ (বার্ষিক) খরচ ভাতা ৭৫ হাজার টাকা হতে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকা, লন্ড্রি ভাতা (মাসিক) এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা এবং ক্রোকারিজসহ অন্যান্য ভাতা চার হাজার টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত’র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, শামসুল হক টুকু এবং জিয়াউল হক মৃধা অংশ নেন।
এছাড়া বৈঠকে কমিটির সদস্যদের বাইরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।
