২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছড়ায় ছড়ায় মন্ত্রীর বৈশাখী শুভেচ্ছা

মন্ত্রিসভা বৈঠকে নিজের লেখা পদ্য আবৃত্তি করে হাততালি কুড়ানো বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ডেও জুড়ে দিয়েছেন দুটি ছড়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:59 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

বিজ্ঞানমন্ত্রীর পদ্য পাঠে মন্ত্রিসভায় হাততালি
মন্ত্রিসভার বৈঠকে খালেদাকে নিয়ে কবিতা ইয়াফেস ওসমানের

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার থেকে শুরু সরকারের মন্ত্রী, আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বরেণ্য ব্যক্তিদের কাছে মন্ত্রীর এই বৈশাখী শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছে।

দাপ্তরিক সভাসহ বিভিন্ন আলোচনা সভায় স্বভাব কবিসুলভ পদ্য আওড়ে সহকর্মীদের মধ্যে ‘সভাকবি’ পরিচয় পেয়েছেন স্থাপত্যকলায় ডিগ্রিধারী ইয়াফেস।

বৈশাখী কার্ডে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে প্রক্কলনের বিষয়টি তুলে ধরে কথাসাহিত্যিক শওকত ওসমানের ছেলে লিখেছেন-

জিডিপি এবার করেছে রেকর্ড

পেরিয়ে গিয়েছে সাত

বঙ্গবন্ধুর কন্যার গুণে

এসেছে শুভপ্রভাত।

পিতা দিল সবই মানুষের তরে

কন্যারও একই পথ

তোমার হাতেই মঙ্গলদীপ

দেশের ভবিষ্যৎ।।

গত ৫ এপ্রিল এনইসি বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৪৬৬ ডলার এবং প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

বৈশাখী কার্ডের বাম পৃষ্ঠায় মন্ত্রী লিখেছেন-

চেষ্টা করিলে বাঙ্গালি পারে না নেইকো এমন কাজ

পরমাণু থেকে বিদ্যুৎ গড়া আমরাও পারি আজ

কার্ডে নিচে ইয়াফেস ওসমান লিখেছেন, “সমৃদ্ধি শান্তির সোপান হোক আগামীর সময়, শুভ নববর্ষ।”

বৈশাখী কার্ডে ছড়া জুড়ে দেওয়ার বিষয়ে মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ফাংশন করা হলে তার ব্যাকগ্রাউন্ডে আমার এ ধরনের কবিতা থাকে।”

 

একাত্তরে ২ নম্বর সেক্টরের সক্রিয় একজন মুক্তিযোদ্ধা ইয়াফেসের প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘বঙ্গ আমার জননী আমার’, ‘নষ্ট কাল কষ্ট কাল’ এবং ‘নয় মানুষ কয় মানুষ’ উল্লেখযোগ্য।

২০০৯ সালের ৬ জানুয়ারি তৎকালীন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ইয়াফেস।

২০১৪ সালের ১২ জানুয়ারি দ্বিতীয়বারের মত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি।