উচ্চ শিক্ষা প্রশস্থ করার আহ্বান স্পিকারের
বাংলাদেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে উচ্চ শিক্ষা ‘প্রশস্থ’ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
একই সঙ্গে তরুণদের তথ্য-প্রযুক্তি শিক্ষায় সম্পৃক্ত করার উপরও জোর দিয়েছেন তিনি।
মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে প্রথমবারের মতো আইইএলটিএস স্কলারশিপ-২০১৫ প্রদান অনুষ্ঠানে স্পিকার এই আহ্বান জানান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিরীন শারমিন বলেন, “বাংলাদেশের তরুণ সমাজকে সামনে এগিয়ে নিতে তাদের জন্য উচ্চ শিক্ষার পথ প্রশস্থ করতে হবে। তাদের অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে তাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিগত শিক্ষায় সম্পৃক্ত করতে হবে।”
ব্রিটিশ কাউন্সিল মেধাবীদের জন্য এ ধরনের বৃত্তি প্রদানের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করেছে, বলেন তিনি।
অনুষ্ঠানে চারজনকে আইইএলটিএস স্কলারশিপ দেওয়া হয়। এর হলেন- আদিনা জেরিন খান, সুআইবা আমিনা সালাউদ্দিন, দিপীকা দেব দীপা এবং তাসনিম খন্দকার। বৃত্তিপ্রাপ্তরা কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন।
ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস বিজনেস ডেভেলপমেন্টের প্রধান কফিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম, পরিচালক (পরীক্ষা) দীপ অধিকারী এবং উপ পরীক্ষা ম্যানেজার নাসরিন সুলতানা বক্তব্য রাখেন।
