রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ কেন নয়: হাই কোর্ট
‘হ্যাকিংয়ের মাধ্যমে’ বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এ রুল দেয়।
অর্থ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ও বিদায়ী গভর্নরকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
বাংলাদেশ ব্যাংকের নামে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) মেসেজিং সিস্টেমে ‘ভুয়া’ বার্তা পাঠিয়ে গত ৪ ফেব্রুয়ারি ১০ কোটি ডলার ফিলিপিন্স ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়।
বানান ভুলের কারণে শ্রীলঙ্কার ২ কোটি ডলার আটকানো গেলেও ফিলিপিন্সে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের অধিকাংশ ক্যাসিনোয় যাওয়ার পর দেশটি থেকে পাচার হয়ে যায় গণমাধ্যমে খবর এসেছে।
বিশ্বজুড়ে আলোচিত এই ঘটনার তদন্ত চালাচ্ছে ফিলিপিন্সের সিনেট কমিটি।
এরই মধ্যে এক-পঞ্চমাংশ অর্থ উদ্ধার হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকারকে জানিয়েছেন। তবে বাকি অর্থ উদ্ধারে অনিশ্চয়তা রয়েছে।
এর মধ্যে লোপাট হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ২২ মার্চ রিট আবেদনটি করেন, যার ওপর মঙ্গলবার প্রাথমিক শুনানি হয়।
আদালতে ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি অংশ নেন।
