ধর্মান্ধদের প্রশ্রয় দিয়ে মুক্তবুদ্ধিকে বন্দি করছে সরকার: সুলতানা কামাল
নববর্ষের অনুষ্ঠান নিয়ে বাধা-নিষেধ আরোপের সমালোচনা করে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, সরকার মুক্তবুদ্ধির মানুষদের কোনঠাসা করে ধর্মান্ধ, মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছে।
পহেলা বৈশাখ উদযাপন নিয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে নারী নিরাপত্তা জোটের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
পহেলা বৈশাখে বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। তবে ঘরোয়ো অনুষ্ঠান বা সর্বসাধারণের চলাফেরায় কোনো বাধা নেই বলে পুলিশ জানিয়েছে।
অনুষ্ঠানে নিয়ন্ত্রণের প্রতিবাদ জানিয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বলেন, “সরকার নিজেদের পিঠ বাঁচাতে এই পদক্ষেপ নিয়েছে। কারণ তারা কোনো অবস্থাতেই এই ধর্মান্ধ, মৌলবাদী যারা সাম্প্রদায়িক…তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাচ্ছে না, তাদের মুখোমুখি দাঁড়াতে চাচ্ছে না।
“পক্ষান্তরে যারা মুক্তবুদ্ধির মানুষ তাদের উপরে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে এই শক্তিগুলোকে অনেক বেশি প্রশ্রয় দিচ্ছে; শক্তিশালী করে তুলছে।”
পহেলা বৈশাখে সর্বক্ষণ আচার-অনুষ্ঠান-উৎসব চলবে জানিয়ে ‘সরকার আইনগত ও সাংবিধানিকভাবে নিরাপত্তা দিতে বাধ্য থাকবে’ বলে মন্তব্য করেন তিনি।
সুলতানা কামাল বলেন, “বিকাল ৫টার পরে যদি উৎসব-আনন্দ না করা যায়, তার একটা ঈঙ্গিত হচ্ছে- সবাই যার যার বাড়িতে ফিরে যাও, ঘরে বন্দি হয়ে থাক। এতে গণতন্ত্র, সার্বজনীনতা, ধর্মনিরপেক্ষতা ও মানুষে মানুষে মেলানোর যে বড় অনুপ্রেরণা ও উদ্দীপনা, তা ঘরবন্দি হয়ে যাবে।
“যারা দুর্বৃত্ত; যারা হানাহানি, খুনোখুনি, হত্যা, ধ্বংস ও নির্যাতনের রাজনীতিতে বিশ্বাস করে, নির্যাতনের সংস্কৃতিতে বিশ্বাস করে, তারা এদেশে ২৪ ঘণ্টা মাঠে থাকতে পারবে, ২৪ ঘণ্টা তাদের কাজ চালিয়ে যেতে পারবে।”
‘মুক্তিযুদ্ধের পক্ষের ও গণতান্ত্রিক’ আওয়ামী লীগ সরকারের চরিত্র নিয়েও প্রশ্ন তুলে তিনি।
…মানুষের অধিকার খর্ব করে, মানুষের বাইরে আসার অধিকারকে ক্ষুণ্ন করে, মানুষের উৎসবের আনন্দকে মলিন করে কীভাবে তারা দাবি করে গণতন্ত্রের সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার।”
