তনু হত্যার বিচার দাবিতে প্রীতিলতা ব্রিগেডের লাঠি মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা বিচার দাবিতে লাঠি মিছিল করেছে ছাত্র ইউনিয়নের প্রীতিলতা ব্রিগেড।
শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে ‘পাহাড়ে কিংবা সমতলে ধর্ষকদের বিচার চাই’ দাবিতে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
এরপর শাহবাগ হয়ে রূপসী বাংলা হোটেলের মোড় ঘুরে ফের রাজু ভাস্কর্যে এসে শেষ হয় প্রতিবাদী এই লাঠি মিছিল। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন।
ইতোমধ্যে তনুর হত্যা ও ধর্ষণের ঘটনা তদন্তে ‘প্রশাসন নানা টালবাহানা’ শুরু করেছে মন্তব্য করে নারী নিরাপত্তা নিশ্চিত করতে নারীদেরই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ছাত্র ইউনিয়নের এই সভাপতি।
সমাবেশ থেকে ব্রিগেডের উদ্যোগে সারা দেশে পাড়া মহল্লায় নারীদের সংগঠিত করে লাঠি মিছিল আয়োজনের আহ্বান জানিয়ে নারীদের আত্মরক্ষায় আগামী শুক্রবার থেকে রাজু ভাস্কর্য চত্বরে প্রশিক্ষণ আয়োজনের ঘোষণা দেন লাকী আক্তার।
ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু গত ২০ মার্চ খুন হওয়ার পর থেকে প্রতিবাদের ঝড় বইছে সারাদেশে। থানা পুলিশ, ডিবি হয়ে এখন হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি।
পুনরায় লাশ তুলে ময়নাতদন্ত করতে হওয়ায় সমাবেশে ক্ষোভ প্রকাশ করে প্রীতিলতা ব্রিগেডের লাকী আক্তার বলেন, প্রথমবার যাদের ব্যর্থতায় দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন হল তাদের চিহ্নিত করতে হবে।
সমাবেশ অন্যদের মধ্যে সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল, সিপিবি কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল ক্বাফী, যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, ‘জাগরণিয়া’র সম্পাদক শুভ্রা কর ,কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা সাথী, লেখক তামান্না সেতু, প্রীতিলতা ব্রিগেডের সদস্য শুভ্রা গোস্বামী ও সুমাইয়া সেতু উপস্থিত ছিলেন।
