২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের হাত থেকে পুলিশ অ্যাওয়ার্ড নিলেন ৩২ নারী

বত্রিশ নারীর হাতে বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড তুলে দিয়ে দেশ ও দেশের বাইরে নারী পুলিশ সদস্যরা কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে তাদের প্রশংসা করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 01:24 AM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজদর্শন হলে আয়োজিত এক অনুষ্ঠানে নারী পুলিশ সদস্যদের হাতে ‘বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড-২০১৬’ তুলে দেন তিনি।

অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে ৩২ জন নারী পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হয়।

নারী পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবার অধিকার সুরক্ষায়ও নিবেদিতভাবে কাজ করে চলেছেন মন্তব্য করে তাদের কৃতিত্বের প্রশংসা করেন স্পিকার শিরীন শারমিন।

তিনি বলেন, “নারী ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বে সুপরিচিত। নারী পুলিশ সদস্যরা কেবল বাংলাদেশ নয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও নারীরা কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছে।”

পুলিশ বাহিনীতে যোগদান করায় নারীদের সাহসিকতা ও দৃঢ় মনোবলের প্রশংসা করে এই ‌‘চ্যালেঞ্জিং’ পেশায় পুরুষ সহকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ চালাতে নারীদের জন্য অনুকূল কর্মপরিবেশ তৈরি করার তাগিদ দেন স্পিকার।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ৫০ জন শীর্ষ নেতৃত্বের ভেতরে ১০ নম্বরে স্থান করে নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে সারা বিশ্বে তার এই অবস্থান বাংলাদেশকে মর্যাদার আসন দিয়েছে বলেও মন্তব্য করে জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসুদুজ্জামান খাঁন কামাল বলেন, “বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলব্ধি করেন নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব না।

“ বর্তমানে শত শত নারী রাত ১২টা-১টায় কাজ শেষে বাড়ি ফেরেন। সব জায়গায় নারীরা তাদের অংশগ্রহণ নিশ্চিত করে সফলভাবে এগিয়ে যাচ্ছেন। নারী পুলিশ সদস্যরা দেশের পাশাপাশি বিদেশেও শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।”

অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, ডিআইজি মিলি বিশ্বাসসহ অন্যরা বক্তব্য রাখেন।