তনুর জন্য আন্দোলনের বিকল্প নেই: ইমরান
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ন্যায় বিচার পেতে আন্দোলনের বিকল্প নেই বলে মনে করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তনু হত্যার বিচারসহ চার দাফা দাবি আদায়ে শুক্রবারের নাগরিক সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ন্যায় বিচার পেতে হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।
“ঢাকার সব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যানারে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
কর্মসূচি সফলের সারাদেশের গণজাগরণ মঞ্চসহ অন্যান্য সংগঠন ও সাধারণ জনগণের প্রতিও এসময় আহ্বান জানান মঞ্চের মুখপাত্র ইমরান।
চার দফা দাবি আদায়ে শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের পাশাপাশি সারাদেশে নাগরিক সমাবেশ করার কর্মসূচি রয়েছে গণজাগরণ মঞ্চের।
কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনি গ্রেপ্তার দাবিতে বুধবার দুপুরে এক ঘণ্টা ক্লাস বন্ধ রেখে সড়কে মানববন্ধনের পর রাজধানীর ইডেন কলেজের ছাত্রীদের মিছিলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও অংশ নেন। ছবি: আসিফ মাহমুদ অভি
গণজাগরণ মঞ্চের কর্মী রিয়াজুল আলম ভুঁইয়া জানিয়েছেন, তনু হত্যার বিচার দাবিতে বৃহস্পতবার গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার ভেতরে পাওয়া যায় ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তনুর লাশ। তিনি থাকতেন ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী বাবার সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গে।
ধারণা করা হচ্ছে, খুনের আগে ধর্ষণ করা হয় থিয়েটারকর্মী তনুকে।
