তনুর জন্য প্রধানমন্ত্রীর দপ্তরমুখী যাত্রায় বাধা, ধস্তাধস্তিতে আহত ৪
সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী ‘নির্লিপ্ততা’ দেখাচ্ছেন অভিযোগ করে তার কার্যালয় অভিমুখে ছাত্র ইউনিয়নের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে তাদের আটকে দেওয়া হয়। এ সময় উভয়পক্ষে ধস্তাধস্তিতে দুই নারী পুলিশসহ চারজন আহত হয়েছেন।
আহত অন্য দুজনের মধ্যে দীপক শীল কবি নজরুল কলেজ শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি। অন্যজন নাছিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী।
ছাত্র ইউনিয়ন গত সোমবার তনুর হত্যাকারীরে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। ওই সময় পেরোনোর পরেও এ হত্যা রহস্য উন্মোচনে কোনো অগ্রগতি না হওয়ায় এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করে তারা।
সোয়া ১২টার দিকে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে ছাত্র ইউনিয়ন।
ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, “প্রধানমন্ত্রী ছোটখাটো অনেক ঘটনা নিয়ে কথা বলেন। কিন্তু সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনি এখন পর্যন্ত নির্লিপ্ত। তাই প্রধানমন্ত্রীর নির্লিপ্ততার কারণ জানতে তার কার্যালয় অভিমুখে যাত্রা করেছিলাম, যাতে পুলিশ বাধা দেয়।”
নারী নির্যাতন, খুন-ধর্ষণ বন্ধের দাবিতে আগামী ২ এপিল বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রীতিলতা বিগ্রেড সেল-এর উদ্যোগে লাঠি মিছিল করা হবে বলে জানান তিনি।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ বলেন, “খুন-ধর্ষণের মতো হাজারো ঘটনা ঘটছে, কিন্তু এসব বিষয়ে প্রধানমন্ত্রীর নির্লিপ্ততার কারণ কী? পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের উপর নির্যাতন, নারীদের ধর্ষণ খুন করা হচ্ছে কিন্তু সরকার অলিখিত ইনডেমনিটি দিয়েছে, এর কারণ আমরা জানতে চাই?”
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী ও সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাশ উপস্থিত ছিলেন।
ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে পুলিশের রমনা জোনের এডিসি ইব্রাহীম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তনু হত্যার বিচার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাত্রা কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। আমরা তাদের বলেছিলাম- আপনারা নিয়ম অনুযায়ী অভিযোগ দেন, কিন্তু তারা কোনো স্মারকলিপি বা অভিযোগপত্র দিতে পারেনি।”
তাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে দুইজন নারী পুলিশ সদস্য পড়ে গিয়ে আহত হন বলে জানান তিনি।
