২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্কের ৯ মামলার বিচার শুরু

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দায়ের অর্থপাচারের নয় মামলায় অবশেষে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দিয়েছেন বলে জানান আদালতে দুর্নীতি দমন কমিশনরে (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম।

তিনি বলেন, আদালত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে মামলাগুলোয় অভিযোগ গঠন করে আগামী ২১ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরুর দিন রেখেছেন।

মীর আহমেদ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯শ’ কোটি টাকা পাচারের মামলায় এ অভিযোগ গঠন করা হয়। এ সময় আদালতে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

হাই কোর্টে রিট আবেদনের কারণে গত ১৫ মার্চ ফের পিছিয়ে যায় হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির এই নয় মামলার অভিযোগ গঠন।

২০১০ থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে অনিয়মের মাধ্যমে হল-মার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা প্রকাশ পেলে ব্যাপক শোরগোল ওঠে।

ওই অভিযোগের ভিত্তিতে ২০১২ সালের অগাস্টে আর্থিক খাতে বড় এই কেলেঙ্কারির ঘটনার অনুসন্ধান ও তদন্ত শুরু করে দুদক।

প্রাথমিক অনুসন্ধান শেষে ওইবছর ৪ অক্টোবরে মোট ১১টি মামলা করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

আইনজীবী এহসানুল হক সমাজী, ব্যারিস্টার ফখরুল ইসলাম হল-মার্কের পক্ষে মামলা লড়ছেন। রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও মীর আহমেদ আলী সালাম।

একই বিচারক গত ১৭ ফেব্রুয়ারি অপর দুই মামলায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর মাহমুদসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে তানভীর মাহমুদ, মীর মহিদুর রহমান, শেখ আলতাফ হোসেন ও মো. সফিজউদ্দিন আহমেদ কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন জেসমিন ইসলামসহ দুজন। অন্য আসামিদের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমানসহ দুজন মারা গেছেন।

২০১৪ সালের ১৩ নভেম্বর একই বিচারক পলাতক ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পুরনো খবর:

রিটের কারণে ফের পেছাল হল-মার্কের ৯ মামলার অভিযোগ গঠন
হল-মার্ক কেলেঙ্কারি: তানভীর, জেসমিনের বিচার শুরু