২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিটের কারণে ফের পেছাল হল-মার্কের ৯ মামলার অভিযোগ গঠন

হাই কোর্টে রিট আবেদনের কারণে আবারও পিছিয়ে গেছে হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নয়টি অর্থ পাচার মামলার অভিযোগ গঠন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 12:21 AM

Updated : 20 Aug 2022, 12:09 PM

একই কারণে আসামিদের অব্যাহতি দেওয়ার বা বিচার শুরুর আদেশের দিন ফের পিছিয়ে আগামী ২৭ মার্চ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী ফখরুল ইসলাম।

তিনি বলেন, সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এই তারিখ ধার্য করেন।

আসামিপক্ষের সময় আবেদনে ব্যারিস্টার ফখরুল বলেন, হল-মার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ মানি লন্ডারিং আইনের মামলাগুলোতে অভিযোগপত্র দাখিল বেআইনি উল্লেখ করে হাই কোর্টে রিট আবেদন করেছেন, যা এখনও বিচারাধীন। তাই এই পর্যায়ে অভিযোগ গঠনের আদেশ মুলতবি রাখা প্রয়োজন।

এর আগে গত ৩ মার্চ একই কারণে সময় আবেদন করেন তিনি।

একই বিচারক গত ১৭ ফেব্রুয়ারি হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে ঋণ কেলেঙ্কারির দুই মামলায় অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দেন।

২০১০ থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে অনিয়মের মাধ্যমে হল-মার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা প্রকাশ পেলে ব্যাপক শোরগোল ওঠে।

ওই অভিযোগের ভিত্তিতে ২০১২ সালের অগাস্টে আর্থিক খাতে বড় এই কেলেঙ্কারির ঘটনার অনুসন্ধান ও তদন্ত শুরু করে দুদক। প্রাথমিক অনুসন্ধান শেষে ওইবছর ৪ অক্টোবরে মোট ১১টি মামলা করা হয়।

২০১৩ সালের ৭ অক্টোবর তানভীর-জেসমিনসহ ২৫ জনের বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

অভিযোগপত্রে বলা হয়,সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল শাখা থেকে হল-মার্ক মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে পরিশোধিত (ফান্ডেড) অর্থ হচ্ছে ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা।

গত মাসে দুই মামলায় অভিযোগ গঠনের আগে অন্তত ২০ দফায় এই ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।

মামলাগুলোর আসামিরা হলেন, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, সেনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম মীর মহিদুর রহমান, দুই উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন (সাময়িক বরখাস্ত) ও মো. সফিজউদ্দিন আহমেদ, ডিএমডি আতিকুর রহমান (বর্তমানে ওএসডি), হল-মার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাপারেল এন্টারপ্রাইজের মালিক মো. শহিদুল ইসলাম, স্টার স্পিনিং মিলসের মালিক মো. আব্দুল বাছির, টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, সেঞ্চুরি ইন্টারন্যাশনালের মালিক মো. জিয়াউর রহমান, আনোয়ারা স্পিনিং মিলসের মালিক মো. জাহাঙ্গীর আলম, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক ও সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম ননী গোপাল নাথ (বর্তমানে ওএসডি), প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হক (বর্তমানে ওএসডি), দুই এজিএম মো. কামরুল হোসেন খান (সাময়িক বরখাস্ত) ও এজাজ আহম্মেদ, সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন ও সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার বর্তমান জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি।

আসামিদের মধ্যে তানভীর মাহমুদ, মীর মহিদুর রহমান, শেখ আলতাফ হোসেন ও মো. সফিজউদ্দিন আহমেদ কারাগারে আছেন। জামিনে রয়েছেন জেসমিন ইসলাম ও আতিকুর রহমান।

অন্য আসামিদের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমানসহ দুজন মারা গেছেন।

২০১৪ সালের ১৩ নভেম্বর একই আদালত পলাতক ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পুরনো খবর:

হল-মার্ক: ৯ মামলায় অভিযোগ গঠন ফের পিছিয়েছে
হল-মার্ক কেলেঙ্কারি: তানভীর, জেসমিনের বিচার শুরু
হল-মার্ক কেলেঙ্কারি: বিবাদীদের সম্পদ বাজেয়াপ্ত কেন নয়