হল-মার্ক: ৯ মামলায় অভিযোগ গঠন ফের পিছিয়েছে
হল-মার্ক গ্রুপের ঋণ জালিয়াতির ৯ মামলায় অভিযোগ গঠন ফের পিছিয়েছে।
আসামিদের পক্ষে হাই কোর্টে রিট আবেদন এবং আসামিদের একজনকে কারাগার থেকে আদালতে হাজির না করায় এদিন অভিযোগ গঠনপেছানো হয়।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা আগামী ১৪ মার্চ অভিযোগ গঠনের আদেশ দেওয়ার দিন রেখেছেন বলে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান।
গত ১৭ ফেব্রুয়ারি হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে ঋণ কেলেঙ্কারির দুই মামলায় অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দেন একই বিচারক।
এ দুই মামলায় বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ শুরুর কথা থাকলেও একজন আসামির অনুপস্থিতির কারণে তাও পিছিয়ে যায়। এই দুই মামলায়ও ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়।
মুদ্রাপাচার আইনের একটি ধারা চ্যালেঞ্জ করে হাই কোর্টে যাওয়ার কথা জানিয়ে অভিযোগ গঠনের আদেশ পেছাতে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম।
২০১০ থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে অনিয়মের মাধ্যমে হল-মার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা প্রকাশ পেলে ব্যাপক শোরগোল ওঠে।
ওই অভিযোগের ভিত্তিতে ২০১২ সালের অগাস্টে আর্থিক খাতে বড় এই কেলেঙ্কারির ঘটনার অনুসন্ধান ও তদন্ত শুরু করে দুদক। প্রাথমিক অনুসন্ধান শেষে ওইবছর ৪ অক্টোবরে মোট ১১টি মামলা করা হয়।
২০১৩ সালের ৭ অক্টোবর তানভীর,জেসমিনসহ ২৫ জনের বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।
অভিযোগপত্রে বলা হয়,সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল শাখা থেকে হল-মার্ক মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে পরিশোধিত (ফান্ডেড) অর্থ হচ্ছে ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা।
গত মাসে দুই মামলায় অভিযোগ গঠনের আগে অন্তত ২০ দফায় এই ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।
এদিন কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানের বদলে ব্যক্তিগত গাড়িতে করে (মাইক্রোবাস) আদালতে আনা হয়।
আসামিদের মধ্যে তানভীর-জেসমিন দম্পতি ছাড়াও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির রয়েছেন। তাদের মধ্যে তানভীরসহ নয়জন বর্তমানে কারাগারে।
অন্য আসামিদের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমানসহ দুজন মারা গেছেন এবং জেসমিনসহ দুজন জামিনে। বাকিরা পলাতক।
