২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকেও সরালেন অর্থমন্ত্রী

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় গভর্নরের চলে যাওয়া, দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়ার পর ব্যাংক সচিব এম আসলাম আলমকেও সরানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 06:59 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিকালে এই আলোচনা শুরুর আগে তিনি দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছিলেন।

তার আগে দুপুরে গভর্নর আতিউর রহমান পদত্যাগ করার পর তার উত্তরসূরি হিসেবে সাবেক অর্থ সচিব ফজলে কবিরের নাম সাংবাদিকদের জানান মুহিত।   

এম আসলামকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে দেওয়ার কথা জানালেও তাকে

ওএসডি করা হয়েছে, না কি অন্য দপ্তরে বদলি করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী।

এই পদক্ষেপের ব্যাখ্যায় মুহিত বলেন, “উনি ওই বিভাগের সচিব ছিলেন। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।”

এই বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (অ্যাপয়নমেন্ট, পোস্টিং, ডেপুটেশন) অনুবিভাগের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরী মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সচিব আসলামকে ওএসডির কোনো খবর তার কাছে নেই।

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা এম আসলাম ২০১২ সালের ৫ নভেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বে যোগ দেন।

২০১৯ সালের ৩০ জুলাই তিনি অবসরোত্তর ছুটিতে যাবেন।

আসলাম আলম এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য থাকা আসলাম গত রোববার ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের বলেছিলেন, কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি গোপন রেখে ঠিক করেনি। 

ঘটনাটি না জানানোয় অর্থমন্ত্রীও বাংলাদেশ ব্যাংকের উপর ক্ষুব্ধ হয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।

পুরনো খবর:

আইটি নিরাপত্তার ঘাটতির কারণে অর্থ লোপাট: সচিব