২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়া নারী নেতৃত্বে অনন্য: স্পিকার

নারী নেতৃত্বের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশ্বের মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 08:07 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

শনিবার নয়াদিল্লিতে লোকসভা আয়োজিত ভারতের নারী আইন প্রণেতাদের জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিরীন শারমিন বলেন, “দক্ষিণ এশিয়ার দেশসমুহ নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নারীদের গতিশীল নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে দক্ষিণ এশিয়া সমগ্র বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

“বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভারতের নারী নেত্রীদের এ সম্মেলন নারী অধিকার আদায়ে নতুন মাত্রা যোগ করবে। এই সম্মেলনের মাধ্যমে ভারতের নারী নেত্রীরা আরও সমৃদ্ধ হয়ে ভারতের পুনর্জাগরণে ভূমিকা রাখতে সক্ষম হবে। “

বাংলাদেশের নারী নেতৃত্বের দৃষ্টান্ত তুলে ধরে দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন বলেন, “বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলীয় নেতা, সংসদ উপ-নেতা এবং সংসদের স্পিকার নারী।

“এই নারী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং দেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত করেছে।”

নারী নেতৃত্বকে সমাজ তথা দেশ পরিবর্তনের এজেন্ট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সমাজের শিক্ষা, স্বাস্থ্য, মহিলা ও শিশুসহ সমাজের সর্বস্তরে নারীদের সিদ্ধান্তগ্রহণ মানুষের জন্য কল্যাণকর।

গত ৩ মার্চ দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন স্পিকার। ৭ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।