২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুলিশের আত্মত্যাগ অনুকরণীয়: আইজিপি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবাহী ট্রাকের চাপায় দুই পুলিশ সদস্যের মৃত্যুকে মাদক নির্মূলে তাদের ‘সর্বোচ্চ আত্মত্যাগ’ আখ্যায়িত করে তা অন্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ‍এই বাহিনীর প্রধান একেএম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 06:37 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

পুরনো খবর:

ট্রাকচাপায় ২ পুলিশ নিহত: চালক আটক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ পুলিশ নিহত

শুক্রবার বিকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক শোক বার্তায় পুলিশ মহাপরিদর্শক (আইজি) আরও বলেন, “সাহসিকতার সাথে দায়িত্ব পালনকারী ওই দুই বীর পুলিশ সদস্য পুলিশ বাহিনীর গর্ব, দেশের গর্ব।”

মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে মাদক উদ্ধার অভিযান জোরদার করার জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে মাদকের চালান নিয়ে আসছে এমন খবর পেয়ে একটি ট্রাক আটকাতে যান শিবগঞ্জ থানার এসআই সাদেকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম।

Image
শিবগঞ্জের এই থানায় কর্মরত ছিলেন মাদক উদ্ধারে গিয়ে নিহত দুই পুলিশ সদস্য

শিবগঞ্জের এই থানায় কর্মরত ছিলেন মাদক উদ্ধারে গিয়ে নিহত দুই পুলিশ সদস্য

এই দুই পুলিশ সদস্য থামার সংকেত দেওয়ার পর চালক ট্রাক না থামানোয় মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে এক পর্যায়ে সামনে গিয়ে ট্রাকের গতিরোধ করেন। ট্রাকচালক এ সময় তাদের চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে ওইদিন বেলা ১১টার দিকে শিবগঞ্জের কশিয়াবাড়ি থেকে ১৪৫০ বোতল ফেনসিডিলের বোতল বোঝাই ট্রাকসহ চালক সিরাজ আলীকে আটক করা হয়।

শোকবার্তায় আইজি শহীদুল হক বলেন, “কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একত্রে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

এছাড়া পরিকল্পিতভাবে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেন পুলিশ প্রধান।