সচিবালয়ের গাছ থেকে বিড়াল নামাতে ধুন্ধুমার
কুকুরের তাড়া খেয়ে গাছে উঠেছিল বিড়ালটি; কাকের তা পছন্দ হলো না। এ ডাল ও ডাল করে আরেক গাছের মগডালে কাটল অভুক্ত তিনটি দিন। শেষ পর্যন্ত উদ্ধার মিলল ফায়ার সার্ভিস ডেকে।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বৃহস্পতিবারের এই ঘটনার সাক্ষী হয়ে রইলেন কয়েকশ মানুষ।
এর আগে বছরের শুরুর দিকে জানুয়ারির প্রথম সপ্তাহে মোহাম্মদপুরের একটি পাঁচতলা ভবনের তিনতলার এক সানশেডে সাতদিন ধরে আটকে থাকা দুটি বিড়াল উদ্ধার করে ফায়ার সার্ভিস।
কৃষিমন্ত্রীর গাড়ির চালক আজগর আলী মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনের একটি গাছের মগডালে গত মঙ্গলবার একটি বিড়াল দেখেন তিনি।
“বুধবার বিড়ালটি ওই গাছের একই ডালে বসে ছিল। মঙ্গলবারও বিড়ালটিকে ওখানে দেখে কয়েকজনকে নামিয়ে আনার অনুরোধ করি। গাছ থেকে বিড়ালটিকে নামিয়ে আনতে এক কর্মচারীকে ১০০ টাকা দেওয়ার প্রস্তাব দিলেও সে রাজি হয়নি।”
পরে সচিবালয়ের ফায়ার সার্ভিস ইউনিটে গিয়ে সেখানকার কর্মকর্তাদের ঘটনাটি জানান তিনি।
ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিটের কর্মকর্তারা প্রধান কার্যালয়ে খবর পাঠালে বিকাল পৌনে ৪টার দিকে একটি স্কাই লিফট নিয়ে হাজির হন এই বাহিনীর কর্মীরা।
বিড়াল উদ্ধারে চলছে অভিযান
বিড়ালটিকে নিচে নামিয়ে আনা হয়েছে
সিরাজুল ইসলাম নামের একজন গাড়ি চালক বলেন, মঙ্গলবার বিড়ালটি প্রথমে যে গাছে উঠেছিল সেখানে কাকের বাসা রয়েছে। কাক বিড়ালটিকে আক্রমণ করলে ডাল বেয়ে পাশের গাছে চলে আসে।
এই অভিযানের নেতৃত্বে দেওয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরির্দশক মো. জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাণকে সেইভ করার জন্য কাজ করি। আমরা প্রত্যেকটা প্রাণেরই মূল্য দিয়ে থাকি।”
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া একটি চিলকেও উদ্ধারের কথা জানান তিনি।
জহিরুল বলেন, বিড়াল উদ্ধারে ব্যবহার করা স্কাই লিফটটি ১৭০ ফুট উপরে উঠতে সক্ষম। বিড়ালটি আনুমানিক ৩০ ফুট উপর থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর খাবার মাছ-ভাত খাচ্ছে বিড়ালটি
ফের মুক্ত
স্কাই লিফট দিয়ে বিড়ালটিকে নিচে নামিয়ে আনার সঙ্গে সঙ্গে হাততালি দেন অনেকে। এই অভিযানের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেন কেউ কেউ।
বিড়ালটিকে উদ্ধার করে সচিবালয়ের কর্মচারীদের একটি ক্যান্টিনে নিয়ে প্রথমে পানি খেতে দেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তবে ভয়ে পানিতে মুখ দিচ্ছিল না বিড়ালটি।
পরে ভিড় কমিয়ে দিয়ে ভাত দেওয়া হয় বিড়ালটিকে। শুধু ভাতে মুখ না দেওয়ায় মাছের কাটার সঙ্গে দেওয়া হয় এক টুকরো মাছ। এরপর খেতে শুরু করে বিড়ালটি।
পরে বিড়ালটিকে সচিবালয়ের ভেতরেই ছেড়ে দেওয়া হয়।
সচিবালয়ের কর্মচারীরা জানান, কুকুরের তাড়া খেয়ে প্রায়ই বিড়ালগুলো গাছে উঠলেও আবার নেমে যায়।
নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সচিবালয়ের পুরো এলাকা সীমানা প্রাচীর দিয়ে ঘেরা থাকলেও এর ভেতরে বেশ কিছু কুকুর-বিড়ালের আনাগোনা রয়েছে।
