বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস
’ইটের পর ইট মাঝে মানুষ কীট, ….নেইকো ভালোবাসা’---ইট-কাঠের জঙ্গল শহরে চাপা পড়া মানবিকতা নিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহু উদ্ধৃত বাক্যবন্ধে কীট অভিহিত প্রাণী মানুষের অভাবিত ভালোবাসা দেখল রাজধানীর মোহাম্মদপুর।
আগুনও লাগেনি, ভবনও হেলে পড়েনি। অথচ দমকলবাহিনীর গাড়ি আর কর্মীদের ঘিরে শত শত উৎসুক মানুষ; থেকে থেকে করতালির শব্দ।
শনিবার দুপুর মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৭২ নম্বর হোল্ডিংয়ের পাঁচতলা বাড়ি ঘিরে ছিল এমন চিত্র।
কারণ, পাঁচতলা ভবনটির তিনতলার এক সানশেডে সাতদিন আটকেপড়া দুটি বিড়াল; আর তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মীর তৎপরতা।
তাদের দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা না হলেও প্রাণ নিয়ে আপন ডেরায় ফিরেছে বিড়াল দুটি।
বাড়িটির তিনতলার রান্নাঘরের জানালার সানশেডে একসঙ্গে আটকা পড়েছিল বিড়াল দুটি। ভবনটির পেছন দিকের প্লটটিতে কয়েকটি টিনশেড ঘর হওয়ায় বিড়াল দুটির অসহায় অবস্থা অনেকেরই গোচরের বাইর ছিল।
বিড়ালের অবিরাম কান্না সইতে না পেরে শেষমেষ দমকল কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন ভবনটির তিনতলার বাসিন্দা সাঈদ ফাতিউর রহমান (২৩)।
ধানমণ্ডির একটি ডায়গনস্টিক সেন্টারের কর্মী ফাতিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কারণে রান্না ঘরে গেলেই বিড়ালের কান্নার শব্দ পেতাম।
“রাতে ওই শব্দ আরও করুণ হতো। দুদিন শোনার পর খোঁজ নিয়ে দেখি বিড়াল দুটি আমাদের ফ্ল্যাটেরই সানশেডে।
“ভেবেছিলাম বিড়াল দুটি নিজ থেকে চলে যাবে। কিন্তু আরও দুদিন গেল, তাদের কান্না থামল না।”
তিনি জানান, এরপর চারতলায় তার উপরের ফ্লাটের লোকজনকে অনুরোধ করে বিড়াল দুটিকে খাবার দেন।
লাঠি দিয়ে তাদের সেখান থেকে উদ্ধারের চেষ্টাও চালান জানিয়ে ফাতিউর বলেন, “এভাবেই অন্যের ফ্লাটে ঢুকে দুদিন তাদের খাবার দেই এবং একাই উদ্ধারের চেষ্টা চালাই।”
তিনি জানান, শুক্রবার বিষয়টি নিয়ে কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা হয় তার।
তাদের পরামর্শে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানোর সিদ্ধান্ত নেন।
এরপর শনিবার সকালে নাস্তা করেই চলে যান মোহাম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে। সেখানে সরাসরি কথা বলেন স্টেশন অফিসার সজীব সরকারের সঙ্গে।
ফাতিউরের আবেদনে সজীব সরকার বিড়াল দুটি উদ্ধারে অভিযান চালাতে রাজি হয়ে যান।
সজীব সরকার বলেন, “বিড়াল দুটির কষ্ট ফাতিউরের চোখে-মুখেও দেখা গেছে। মনে হচ্ছিল, তাদের উদ্ধার করতে না পারায় ছেলেটির মধ্যে অপরাধবোধ কাজ করছে।”
এসময় ভবনের বাইরে গাড়ি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোক দেখে ভিড় জমতে থাকে উৎসুখ মানুষের; আশপাশের বহুতল ভবনের ছাদ এবং জানালায়ও ভিড় করে অনেকে।
সজীব সরকার জানান, তার দল ভবনের ছাদে উঠতে গিয়ে দেখতে পায়, দরজায় তালা, খুলে দেওয়ার লোকও নেই। বাধ্য হয়ে তালা কেটে ছাদে যেতে হয় তাদের।
এরপর বেলা পৌনে ১টার দিকে মূল অভিযান শুরু করেন তারা। একটি চটের বস্তা নিয়ে কোমরে দড়ি লাগিয়ে ছাদ থেকে ঝুলেঝুলে ২০-২৫ মিনিটে তিনতলার সেই সানশেডের কাছে পৌঁছান দলের এক সদস্য। এ সময় আশপাশের মানুষ করতালি দিয়ে তাকে উৎসাহ দিচ্ছিল।
কিন্তু ওই কর্মী সানশেডে নামার সঙ্গেসঙ্গেই কালো রংয়ের বিড়ালটি লাফ দিয়ে পাশের জানালার সানশেডে চলে যায়। সাদা-কালো বিড়ালটি তখনও ওইটুকু জায়গায় ঘুরপাক খাচ্ছিল। তাকে ধরতে গেলে সেও লাফ দিয়ে চলে যায় আরেক সানশেডে।
এক পর্যায়ে সাদা-কালো বিড়ালটি আরেক লাফে ওই সানশেড বরাবর চারতলার এক কক্ষের খোলা জানালা কোনোরকমে আঁকড়ে ধরে এবং বেশ কিছুক্ষণ কসরৎ করে ভেতর ঢুকে পড়ে।
এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওই কর্মী পাশের সানশেডে আশ্রয় নেওয়া কালো বিড়ালটি উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু এখানেও নিরাশ হতে হয় তাকে। কারণ, সেখান থেকে এক লাফে পাশের প্লটের টিনের চালে পড়ে পালিয়ে যায় বিড়ালটি।
এসময় বিড়াল দুটি সুস্থভাবে বেঁচে যাওয়ায় করতালি দিতে থাকে আশপাশের শতশত মানুষ।
পুরো ঘটনায় ফাতিউর রহমান ও সজীব সরকার সন্তুষ্টি প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিড়াল দুটিকে সুস্থভাবে রক্ষা করাই ছিল তাদের উদ্দেশ্য; সেটা পূরণও হয়েছে।
বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাণ বাঁচানোই আমাদের প্রধান ও প্রথম কাজ, সেটা মানুষের হোক আর প্রাণীর হোক। কিছুদিন আগে রংপুরে অজগর সাপ উদ্ধার করেছি আমরা।”
এ ধরনের কাজ দায়িত্বের মধ্যেই পড়ে জানিয়ে তিনি বলেন, “দেশের মানুষ বাড়ছে তাই এই ধরনের সমস্যাও বাড়ছে। আমাদের তাই দরকার আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ।”
