২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিশুর বাবা, মা ও খালাকে ঢাকায় আনছে র‌্যাব

ময়নাতদন্তে হত্যার আলামত মেলার পর রামপুরার দুই শিশুর বাবা, মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুরের গ্রামের বাড়ি থেকে র‌্যাবের গাড়িতে করে ঢাকায় আনা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

ও জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 12:10 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান অরণী (১৪) ও তার ছোটভাই হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমানের (৬) দাফনের জন্য পরিবারের সদস্যরা মঙ্গলবার জামালপুরে গ্রামের বাড়িতে যান।

বুধবার সকালে ইকবালপুরের ওই বাড়ি থেকেই দুই শিশুর বাবা আমানুল্লাহ, মা মাহফুজা মালেক জেসমিন ও খালা আফরোজা মিলাকে নিয়ে ঢাকার পথে রওনা হন র‌্যাব কর্মকর্তারা। 

দুই শিশুর চাচা জামালপুরের বাসিন্দা আবুল হোসেন বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাব এসে আলামত দেখানোর কথা বলে তিনজনকে তুলে নিয়ে গেছে।”   

তবে তাদের গ্রেপ্তার বা আটকের কথা অস্বীকার করেছেন র‌্যাব-৩ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক আহমেদ।

তিনি বলেন, “আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে করে ঢাকায় নিয়ে আসছি।” 

পোশাক ব্যবসায়ী আমানুল্লাহ পরিবার নিয়ে থাকেন রামপুরা বনশ্রীর বি ব্লকের চার নম্বর রোডে।সোমবার সন্ধ্যার পর তার দুই ছেলেমেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবার বলেছিল, একটি চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় দুই ভাই-বোন মারা যায়।

কিন্তু মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ‘হত্যাজনিত’ মৃত্যু।

ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি বাচ্চার গলায় তারা ‘দাগ’ পেয়েছেন। সেখানে আঙুলের ছাপও ছিল। থুতনিসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। দুজনেরই জিহ্বায় কামড় লেগে ছিল।

খাবারে বিষক্রিয়ার অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনাও পাঠানো হয়েছে।

‘কেন্ট’ নামে বনশ্রীর যে রেস্তোরাঁর খাবার তারা খেয়েছিল, তার ব্যবস্থাপকসহ তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে সোমবারই আদালতে তোলে রামপুরা পুলিশ।  

এরা হলেন- রেস্তোরাঁর ম্যানেজার মামুনুর রহমান মাসুদ, প্রধান বাবুর্চি আসাদুজ্জামান রনি ও তার সহযোগী আতাউর।

এদিকে ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়ার পর ভবনের দুই দারোয়ান, গৃহশিক্ষিকা এবং এক আত্মীয়কেও জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-৩ এর ক্যাম্পে নেওয়া হয়।

তারা এখনও র‌্যাব হেফাজতে আছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক আহমেদ জানান।

পুরনো খবর:

দুই শিশুকে হত্যার আলামত পাওয়ার পর চারজনকে জিজ্ঞাসাবাদ
রামপুরার ভাই-বোনকে হত্যার আলামত