রামপুরার ভাই-বোনকে হত্যার আলামত
ঢাকার রামপুরায় খাবারের বিষক্রিয়ায় যে দুই শিশুর মৃত্যুর কথা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, তাদের ‘হত্যা’ করা হয়েছে বলে ধারণা করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি বাচ্চার গলায় তারা ‘দাগ’ পেয়েছেন। সেখানে আঙুলের ছাপও ছিল। থুতনিসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। দুজনেরেই জিহ্বায় কামড় লেগে ছিল।
“আমরা ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছি। তারপরও আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে, এট হত্যাজনিত মৃত্যু।”
এর আগে ফরেনসিক বিভাগের ডা. প্রদীপ বিশ্বাস মর্গের বাইরে সাংবাদিকদের বলেন, মেয়েটির গলায় এবং ছেলেটির গলা ও পায়ে জখমের চিহ্ন দেখেছেন তারা।
তিনি জানান, খাবারের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে স্বজনরা প্রাথমিকভাবে জানিয়েছিলেন। এ কারণে তাদের পাকস্থলিতে যে খাবার পাওয়া গেছে তার নমুনা সংগ্রহ করা হয়েছে রাসায়নিক পরীক্ষার জন্য।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান অরণী (১৪) ও তার ছোটভাই হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমানকে (৬) সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের বাবা আমানুল্লাহ একজন পোশাক ব্যবসায়ী। মায়ের নাম মাহফুজা মালেক জেসমিন। রামপুরা বনশ্রীর বি ব্লকের চার নম্বর রোডে তাদের বাসা।
শিশু দুটির খালা আফরোজা মিলা হাসপাতালে সাংবাদিকদের বলেন, রোববার রাতে একটি চায়নিজ রেস্তেরাঁয় খাওয়া দাওয়া করেছিলেন তারা। এরপর বাসায় ফিরে অরণী ও আলভী ঘুমিয়ে পড়ে।
আমানুল্লাহর বন্ধু জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালের পর অনেক ডাকাডাকির পরও বাচ্চাদের কোনো সাড়া না পেয়ে কান্নাকাটি শুরু করেন তাদের মা। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত্যুর কথা বলে দেন।
পরিবারের সদস্যরা জানান, ময়নাতদন্ত শেষে দুই শিশুর লাশ জামালপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গ্রমের বাড়িতে তাদের দাফন করা হবে।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
তবে ‘কেন্ট’ নামে বনশ্রীর যে রেস্তোরাঁর খাবার তারা খেয়েছিল, তার ব্যবস্থাপকসহ তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “পরিবারের মৌখিক অভিযোগ আমলে নিয়ে ওই রেস্তোরাঁর ম্যানেজার মামুনুর রহমান মাসুদ, প্রধান বাবুর্চি আসাদুজ্জামান রনি ও তার সহযোগী আতাউরকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
