২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত

সন্ত্রাস দমন আইনের দুই মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাই কোর্টের দেওয়া জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 10:29 AM

Updated : 12 Apr 2022, 01:31 AM

ওই সময়ের মধ্যে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে নিয়মিত ‘লিভ টু আপিল’ করতে বলেছে আদালত।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

আদালতে শাকিলার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে।

পরে বাঁশখালী ও হাটহাজারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বাকি দুই আইনজীবী জামিনে মুক্তি পেলেও গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন আবেদন নাকচ হয়ে যায়।

এরপর ১২ জানুয়ারি তিনি হাই কোর্টে জামিন আবেদন করলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই রুল দেয়। শাকিলাকে ওই দুই মামলায় কেন জামিন দেওয়া হবে না তা দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয় বিবাদীদের।

রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২২ ফেব্রুয়ারি বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ মামলা দুটিতে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত ব্যারিস্টার শাকিলার জামিন মঞ্জুর করে।

ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে গত ২৩ ফেব্রুয়ারি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন স্থগিত করে বিষয়টি ২৯ ফেব্রুয়ারি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিষয়টি সোমবার আপিল বেঞ্চে ওঠে।

পুরনো খবর:

ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিত