২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিত

সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন মঞ্জুর করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 05:26 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

রাষ্ট্রপক্ষের করা আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই স্থগিতাদেশ দিয়ে ২৯ ফেব্রুয়ারি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

গত ২২ ফেব্রুয়ারি শাকিলার জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ অভিযোগ গঠন না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করে।

এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে যায়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। শাকিলার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।

পরে জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে ওইদিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।

চলতি বছরের ১৩ জানুয়ারি হাই কোর্টের একই বেঞ্চ সন্ত্রাস দমন আইনে করা ওই দুই মামলায় শাকিলা ফারজানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চায়। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন না মঞ্জুর হয়। ১২ জানুয়ারি হাই কোর্টে জামিন আবেদন করা হলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই রুল দেয়।

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী ব্যরিস্টার শাকিলা ফারজানাকে গ্রেপ্তার করে র‌্যাব। এর মধ্যে আইনজীবী লিটন সুপ্রিম কোর্টে ও আইনজীবী মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে কর্মরত।

পরে বাঁশখালী ও হাটহাজারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানায় দায়ের করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গত ১৪ ডিসেম্বর জামিন পান।

চট্টগ্রামের অবকাশকালীন জজের দায়িত্বে থাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম ওইদিন তাদের জামিন মঞ্জুর করে।

সন্ত্রাস দমন আইনে করা বাঁশখালী থানার এক মামলায় এর আগে জামিন পান ওই দুই আইনজীবী।পরে গত ১৫ ডিসেম্বর তারা মুক্তি পান।

পুরনো খবর:

জামিন পেলেন ব্যারিস্টার শাকিলা