২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় বিদায়ের সুর

অধিবর্ষ হওয়ার সুবাধে এবার একদিন বেশি সময় পাওয়া অমর একুশে বইমেলায় এখন বিদায়ের সুর; শেষের আগের দিন রোববার মানুষের উপস্থিতি ছিল অনেক, বিকিকিনি চলে পুরো সময়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

মাসব্যাপী এই মেলার পর্দা নামছে সোমবার, আয়োজক বাংলা একাডেমির কর্তৃপক্ষও এখন তাই ব্যস্ত সমাপনী অনুষ্ঠান আয়োজনে। ওইদিন সন্ধ্যা ৬টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

এদিকে বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেষ দিনে মেলার ফটক খুলবে দুপুর ১টায়। শেষের সময় অন্যান্য দিনের মতো রাত ৮টা।

বৃষ্টির ক্ষতি পোষাতে একাডেমির পূণর্নির্ধারিত সময় অনুযায়ী রোববার ২৮তম দিনে বইমেলার ফটক খোলে দুপুর ২টায়।

অন্যান্য কর্মদিবসে মেলার প্রবেশপথগুলোতে মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করা না গেলেও এদিন তা ছিল। বড় পরিসরের মেলার শেষ প্রান্তে ঘোরাঘুরির চেয়ে বিকিকিনির দৃশ্যই ছিল বেশি।

অধিকাংশ মানুষের হাতে হাতে ছিল বইয়ের ব্যাগ; খালি হাতে বাসা-বাড়িতে ফেরা মানুষের সংখ্যা ছিল হাতেগোনা।

বড় ও নামি প্রকাশনীগুলোর বিকিকিনি অনেক হলেও ছোটোখাটো ও ভাল জায়গা না পাওয়া প্রকাশনীগুলোতে তার বিপরীত চিত্রই ছিল প্রতিবারের মতো।

সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বর্ষাদুপুর প্রকাশনীর মালিক মাশফিক উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত ১৫ তারিখের পর মেলায় বিক্রি বাড়ে। আমাদের প্রকাশনীতে তেমন হয়নি।

“জায়গাটা সেভাবে সুন্দরমতো হয়নি। আবার মানুষের মধ্যে বই না দেখে লেখক পছন্দ করে বই সংগ্রহের প্রবণতাও আছে।”

Image
একুশের বইমেলা শেষ হতে আর একদিন বাকি। শেষ সময়ে বই কেনাকাটায় রোববার একটি স্টলে দর্শনার্থী। ছবি: আসিফ মাহমুদ অভি

একুশের বইমেলা শেষ হতে আর একদিন বাকি। শেষ সময়ে বই কেনাকাটায় রোববার একটি স্টলে দর্শনার্থী। ছবি: আসিফ মাহমুদ অভি

Image
একুশের বইমেলা শেষ হতে আর একদিন বাকি। শেষ সময়ে বই কেনাকাটায় রোববার একটি স্টলে দর্শনার্থী। ছবি: আসিফ মাহমুদ অভি

একুশের বইমেলা শেষ হতে আর একদিন বাকি। শেষ সময়ে বই কেনাকাটায় রোববার একটি স্টলে দর্শনার্থী। ছবি: আসিফ মাহমুদ অভি

বর্ষাদুপুরের মতো অনেক প্রকাশনীর জন্য মেলা শুধু বই প্রদর্শনের জায়গা হিসাবে থেকেছে বলে কয়েকটি প্রকাশনীর কর্তারা জানিয়েছেন।

মেলায় অন্যপ্রকাশ, অনন্যা, তাম্রলিপি, ইউপিএল, আগামী, পাঞ্জেরী, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন ও অন্বেষা প্রকাশনী সংশ্লিষ্টরা বিক্রি নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।

তাম্রলিপির মালিক এ কে এম তারিকুল ইসলাম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্রিতে আমরা সন্তুষ্ট। আর এখন তো ঘোরার সময় নেই, সবাই বই কিনছেন।”

তিনি জানান, তাদের প্রকাশিত বই বিক্রির ক্ষেত্রে মুহম্মদ জাফর ইকবালের ‘ক্রেনিয়াল’ শীর্ষে এবং নতুন বইয়ের মধ্যে গুলতেকিন খানের কবিতার বই ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ দ্বিতীয় শীর্ষে রয়েছে।

Image
একুশের বইমেলা শেষ হতে আর একদিন বাকি। শেষ সময়ে বই কেনাকাটায় রোববার একটি স্টলে দর্শনার্থী। ছবি: আসিফ মাহমুদ অভি

একুশের বইমেলা শেষ হতে আর একদিন বাকি। শেষ সময়ে বই কেনাকাটায় রোববার একটি স্টলে দর্শনার্থী। ছবি: আসিফ মাহমুদ অভি

এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আওয়ামী যুবলীগের ‘যুব জাগরণ’ স্টলটি জমজমাট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’সহ বিভিন্ন বইয়ের বিক্রিতে।

সেখান থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে বই দুটি বিক্রি হয়েছে প্রতিটি ১০০ টাকা দামে।

যুবলীগের প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের স্টল থেকে ২৭ দিনে ১৬ হাজার ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ৯ হাজার ‘শেখ মুজিব আমার পিতা’ বিক্রি হয়েছে।

“প্রতিদিন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মানুষ এখান থেকে বই নিয়েছেন। মানুষের এমন আগ্রহ আমাদের জন্য বাড়তি পাওনা।”

সমাপনী অনুষ্ঠান

সন্ধ্যা ৬টায় মেলার মূলমঞ্চে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের শুভেচ্ছা বক্তব্য সমাপনী অনুষ্ঠান শুরু হবে।

বইমেলা ২০১৬-এর প্রতিবেদন উপস্থাপন করবেন এবারের পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।

বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় অবদানের জন্য ফরাসি গবেষক ও অনুবাদক ফ্রাঁস ভট্টাচার্য ও প্রবাসী বাঙালি কথাশিল্পী মন্জু ইসলামকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার-২০১৫’ দেওয়া হবে।

এতে ২০১৫ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৬; ২০১৫ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার-২০১৬; ২০১৫ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৬ এবং ২০১৬ সালের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠানকে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার-২০১৬ প্রদান করা হবে।

সবশেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।