২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণে সংসদে বিল পাস

জমির শ্রেণি পরিবর্তন করার ক্ষেত্রে ক্ষতিপূরণ না পাওয়ার বিধান যুক্ত করে পায়রা বন্দরের জন্য ভূমি অধিগ্রহণে ‘পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল- ২০১৬’ সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 09:25 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বিলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত ক্ষতিপূরণে সংক্ষুব্ধ ব্যক্তির জন্য বিভাগীয় কমিশনারের কাছে আপিল করার সুযোগ রাখা হয়েছে।

বুধবার সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলেন ভূমিমন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “বর্তমানে প্রচলিত স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিপূরণ নির্ধারণের পর সংক্ষুব্ধ ব্যক্তির বিভাগীয় কমিশনারের কাছে আপিলের সুযোগ নেই।তাই এই বিধান অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত আইন করা হয়েছে।”

বিলের বিশেষ বিধানে বলা হয়, বন্দর প্রকল্পর বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের নোটিশ দেওয়ার পরে সংশ্লিষ্ট ভূমির ওপর কোনো ঘর-বাড়ি স্থাপন বা ভূমির শ্রেণি পরিবর্তন করলে এর জন্য কোনো ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন না।

এতে বলা হয়, ভূমি অধিগ্রহণের জন্য নোটিশ জারির সময় সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার ভূমির যে ভিডিও চিত্র গ্রহণ করবেন সে অনুযায়ী ক্ষতিপূরণ পরিশোধ করা হবে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রামনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে দেশের তৃতীয় সমুদ্র হিসেবে পায়রা গভীর সমুদ্র বন্দর ২০১৩ সালের ১৯ নভেম্বর যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বন্দর উদ্বোধন করেন।

এজন্য বন্দরের ন্যূনতম অবকাঠামো উন্নয়নে গত বছরের ডিসেম্বরে এক হাজার ১২৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

পায়রা বন্দর কর্তৃপক্ষ ২০১৮ সালের জুন নাগাদ ‘পায়রা গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো-সুবিধাদির উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্প বাস্তবায়ন করবে।

পুরনো খবর:

পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণে সংসদে বিল 
পায়রা বন্দর ভূমি অধিগ্রহণ আইনের খসড়ায় অনুমোদন
ডিসেম্বরে পায়রা বন্দরে পণ্য খালাস শুরু