পায়রা বন্দর ভূমি অধিগ্রহণ আইনের খসড়ায় অনুমোদন
পায়রা সমুদ্র বন্দরের ভূমি অধিগ্রহণের সময় বাড়িঘর নির্মাণ বা জমির শ্রেণি পরিবর্তন করে কেউ যেন বেশি ক্ষতিপূরণ নিতে পারেন সেই বিধান রেখে আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন, ২০১৫’ এর খসড়া অনুমোদন পেয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশরারফ হোসাইন ভূইঞা পরে সাংবাদিকদের জানান, নতুন আইন অনুযায়ী অধিগ্রহণকৃত জমির জন্য দ্রুত ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। প্রত্যাশী সংস্থার (যে সংস্থার প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ হবে) অর্থ পাওয়ার ৬০ দিনের মধ্যে জেলা প্রশাসককে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে হবে।
“পাশাপাশি জনস্বার্থবিরোধী ও অসৎ উদ্দেশ্যে ঘরবাড়ি নির্মাণ বা জমির শ্রেণি পরিবর্তন করলে কেউ বর্ধিত হারে ক্ষতিপূরণ পাবেন না।”
‘কোনো প্রকল্প নেওয়ার কথা শুনলে দুষ্ট লোকেরা বেশি ক্ষতিপূরণ পেতে রাতারাতি অবকাঠামো তৈরি করে’ জানিয়ে মোশাররাফ বলেন, কৃষি জমি শিল্প বা বাণিজ্যিক শ্রেণিতে পরিবর্তন করে ফেলে।
“অসাধু কর্মচারীদের সঙ্গে যোগসাজশে হিসাব করে অতিরিক্ত ক্ষতিপূরণ নিয়ে নেয়। আমি শুনেছি এজন্য পেশাদার লোকও আছে।”
শ্রেণি পরিবর্তন করে কেউ ক্ষতিপূরণ দাবি করলে জেলা প্রশাসক তা প্রত্যাখ্যান করবেন জানিয়ে মোশাররাফ বলেন, প্রত্যাখ্যানের সাত দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করা যাবে। কমিশনার পাঁচ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করবেন। আপিল নিস্পত্তির ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন।
ভূমি অধিগ্রহণে ১৯৮২ সালের একটি আইন রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য একটি আইন করা হয়েছিল।… পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণের জন্য একই আদলে আইন করা হচ্ছে।
নতুন আইন অনুযায়ী, কেউ বিভাগীয় কমিশনারের কাছে আপিলে হেরে গেলে জেলা প্রশাসক ২৪ ঘণ্টার মধ্যে তাকে স্থাপনা নিজ খরচে সরিয়ে নেওয়ার নির্দেশ দেবেন। এই সময়ের মধ্যে স্থাপনা না সরালে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি ট্রেজারিতে জমা দেবেন জেলা প্রশাসক।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জমি অধিগ্রহণের নোটিশ দিয়ে জমির প্রকৃতি কী এবং তাতে যেসব স্থাপনা আছে তা নির্ধারণে ভিডিও করা হয়। এই ভিডিওচিত্রের ভিত্তিতেই ক্ষতিপূরণ নির্ধারণ করা হবে।
“আইনের উদ্দেশ্য পূরণে ভিডিও প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। এতে লুটেরা গোষ্ঠীর সরকারি টাকা ভোগ বন্ধ হবে। অধিগ্রহণ করা জমির মালিকরা তাড়াতাড়ি ক্ষতিপূরণ পেয়ে যাবেন।”
নোটিশের সময় ভিডিও করার বিষয়টিও পায়রা বন্দর প্রকল্পের মূল আইনেও রাখা রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
প্রধানমন্ত্রী ও দুই বিচারপতিকে মন্ত্রিসভার অভিনন্দন
জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হেগের স্থায়ী সালিশী আদালতে সদস্য মনোনীত হওয়া দুই বিচারপতিকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগ গ্রহণের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় মন্ত্রিসভা অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।
এছাড়া প্রথমবারের মতো বাংলাদেশি বিচারপতি হিসাবে নেদারল্যান্ডসের হেগে স্থায়ী সালিশী আদালতের (পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন-পিসিএ) সদস্য হওয়ায় সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম এবং বিচারপতি মো. আওলাদ আলীকে মন্ত্রিসভা অভিনন্দন জানিয়েছে বলেও জানান মোশাররাফ।
