পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণে সংসদে বিল
জমির শ্রেণি পরিবর্তন করলে ক্ষতিপূরণ না পাওয়ার বিধান যুক্ত করে পায়রা বন্দরের জন্য ভূমি অধিগ্রহণে ‘পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল- ২০১৬’ সংসদে উত্থাপন করা হয়েছে।
এতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত ক্ষতিপূরণে সংক্ষুব্ধ ব্যক্তি বিভাগীয় কমিশনারের নিকট আপিলের সুযোগ রাখা হয়েছে।
বুধবার সংসদে বিলটি উত্থাপন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “বর্তমানে প্রচলিত স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিপূরণ নির্ধারণের পর সংক্ষুব্ধ ব্যক্তির বিভাগীয় কমিশনারের কাছে আপিলের সুযোগ নেই। তাই এই বিধান অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত আইন করা হয়েছে। ”
বিলের বিশেষ বিধানে বলা হয়েছে, প্রকল্পর বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের নোটিস দেওয়ার পরে সংশ্লিষ্ট ভূমির ওপর কোনো ঘর-বাড়ি বা স্থাপন বা ভূমির শ্রেণি পরিবর্তন করলে এর জন্য কোনো ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন না।
এতে বলা হয়েছে, ভূমি অধিগ্রহণের জন্য নোটিস জারির সময় সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার ভূমির যে ভিডিও চিত্র গ্রহণ করবেন সে অনুযায়ী ক্ষতিপূরণ পরিশোধ করা হবে।
