২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা আটকে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকার কাকলীতে উল্টো পথে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রায় দুই ঘণ্টা শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 02:18 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

শনিবার দুপুরের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আবারও রাস্তায় নামবেন বলে হুঁশিয়ার করেছেন তারা।

এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কাকলী মোড় থেকে নেভি সদর দপ্তরের দিকে যাওয়ার পথে সোমবার দুর্ঘটনার শিকার হন আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজউদ্দিন অপু (২৬)। উল্টো পথে থাকা পুলিশের রিকুইজেশন করা একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়; তার বন্ধুও আহত হন।

ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু মেলার মাঝামাঝি জায়গায় সড়কে অবস্থান নিয়ে বেলা পৌনে ২টা পর্যন্ত বিক্ষোভ করেন।

তাদের অবরোধের কারণে আসাদ গেইট থেকে গাবতলীর দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় বলে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক তানভীর আহমেদ জানান, ছাত্র-ছাত্রীদের অবরোধের কারণে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস-টেম্পো থেকে নেমে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করেন।

আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তমাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি, দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।”

অবশ্য পুলিশের রিকুইজেশন করা ওই বাসের চালককে সোমবারই গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় বলে বনানী থানার ওসি মো. সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

পরে বেলা পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণের জন্য শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়ে রাস্তা থেকে সরে যায়।