২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আজিকে স্মরিও তারে’

পোশাকে শোকের কালো; শহীদের বুকের খুনে রাঙা ফুল হাতে হাতে। শ্রদ্ধায় নাঙ্গা পায়ে প্রতিটি পদক্ষেপে ভাষার অহঙ্কার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 10:27 AM

Updated : 11 Oct 2022, 07:48 PM

একুশ আলোর ভোরে সব পথ যেন মিশেছিল শহীদ মিনারে।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।

প্রভাতফেরির পথে পথে কণ্ঠে কণ্ঠে সেই গান-  আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি…।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে।

এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা।

মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারা বিশ্বে। বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। 

রোববার গর্ব আর শোকের এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জাতি, যার সূচনা হয় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে ফুল দেন শেখ হাসিনা।

তাদের পর শহীদ বেদীতে ফুল দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

পরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৪ দলের নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান, আইজিপি, অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন দেশের কূটনীতিক ও ভাষা সৈনিকরা।

গতবছর ফেব্রুয়ারিতে নিজের ডাকা লাগাতার অবরোধের মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না যাওয়ায় সমালোচিত খালেদা জিয়া এবার প্রথম প্রহরে শহীদ মিনারে গেছেন। তার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারাও ছিলেন।

পথে কয়েক দফায় পথ আটকানোর পর রাত দেড়টার দিকে দোয়েল চত্বর দিয়ে শহীদ মিনারে পৌঁছান বিএনপি নেত্রী। এ সময় তার সঙ্গে কয়েকশ নেতাকর্মীকে শহীদ বেদীতে উঠতে বাধা দেওয়া হলে শহীদ মিনারের শৃঙ্খলারক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হলে শহীদ মিনার সবার জন্য খুলে দেওয়া হয়।

Image
চট্টগ্রাম শহীদ মিনারে রোববার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। ছবি: সুমন বাবু

চট্টগ্রাম শহীদ মিনারে রোববার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। ছবি: সুমন বাবু

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষে সারি আরো দীর্ঘ হয়। দীর্ঘ লাইনে ফুল আর ছোট ছোট পতাকা হাতে লাইন বেঁধে অপেক্ষায় থাকতে দেখা যায় সব বয়সের, সব শ্রেণি পেশার মানুষকে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সন্তানদের নিয়ে শহীদ মিনারে আসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

সকাল ৭টার পর শহীদ মিনারমুখী প্রভাতফেরির মিছিল পলাশী-আজিমপুর বাসস্ট্যান্ড হয়ে নীলক্ষেত ছাড়িয়ে যায়।

আজিমপুর ও ঢাকেশ্বরীগামী গণপরিবহনের অধিকাংশই তখন নীলক্ষেত মোড়ে ইউটার্ন নিচ্ছিল। আবার কোনো কোনো গাড়িতে ‘রং সাইডে’ পশ্চিম পাশের লেইন ব্যবহার করে চলতে দেখা যায়।

পলাশীর মোড় অতিক্রমের পর শহীদ মিনারমুখী এই প্রভাত ফেরির মিছিল ধীরগতির হয়ে আসে। মানুষের ভিড়ে জগন্নাথ হল থেকে শহীদ মিনারে পৌঁছতে দুই ঘণ্টা সময় লাগার কথাও জানান অনেকে।

Image
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মিছিলে ফুল হাতে শিশুও শামিল। ছবি: আসিফ মাহমুদ অভি

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মিছিলে ফুল হাতে শিশুও শামিল। ছবি: আসিফ মাহমুদ অভি

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি এস কে সিনহা।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের প্রায় ৫০জন বিচারককে নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের বলেন, “উচ্চ আদালতে মামলার সংখ্যা বেশি। বিচারকের স্বল্পতাও রয়েছে। নিয়মিত বিচারকাজ করতেই দেরি হয়, এই দীর্ঘসূত্রতা কাটাতে আমরা চেষ্টা করছি।”

এর মাঝেই অনেক বিচারক বাংলায় বেশ কিছু রায় দিয়েছেন জানিয়ে বিচারপতি সিনহা বলেন, “একজন বিচারককে অনেক সময় দিনে একশ মামলার রায় ও আদেশ দিতে হয়। সবগুলো যদি আমরা বাংলাতে দিতে বলি, তাহলে সেটা কষ্টকর হয়ে যাবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়।

আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, “সকল মাতৃভাষাকে রক্ষার উদ্যোগ নিতে হবে। সব মাতৃভাষার মর্যাদা রক্ষিত হলে এই দিনের মর্যাদা রক্ষিত হবে।”

সর্বস্তরে বাংলা ভাষার চালুর বিষয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টি করেছে। কেউ চাইলে কেবল বাংলার মাধ্যমেও এখানে উচ্চশিক্ষা নিতে পারে।

সকালে মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে আওয়ামী লীগ শহীদ মিনারে ফুল দেয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফুল দিয়ে সাংবাদিকদের বলেন, “সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে অভিন্ন বিবাদ মোকাবেলা হোক আজকের দিনের অঙ্গীকার।”

Image
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল। ছবি: আসিফ মাহমুদ অভি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল। ছবি: আসিফ মাহমুদ অভি

বিএনপির প্রভাত ফেরিতে থাকা যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, “যে গণতন্ত্রের জন্য, মায়ের ভাষার জন্য তারা প্রাণ দিয়েছিল, আজ সেই দেশে মানবাধিকার ভূলুণ্ঠিত, গণতন্ত্র অবরুদ্ধ, সাংবাদিকদের লেখনির স্বাধীনতা নেই, মানুষের কথা বলার অধিকার নেই, চলাচল ও মত প্রকাশের স্বাধীনতা নেই।”

সকালে শ্রদ্ধাঞ্জলি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, গোপালগঞ্জ সমিতি, জাতীয় পার্টি (কাজী জাফর), বাংলাদেশ যুবলীগ, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ আইন সমিতি,  বাংলাদেশ আইন কমিশন, বাংলাদেশ বার কাউন্সিলসহ শত শত সংগঠন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরসহ বিদেশে বাংলাদেশের সব মিশনেই বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসীরাও বিদেশের মাটিতে শহীদ মিনার গড়ে শ্রদ্ধা জানান ভাষার জন্য শহীদদের।   

২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ ছুটির দিন। ভাষা শহীদদের স্মরণে এদিন জাতীয় পতাকা ছিল অর্ধনমিত।

একুশের প্রথম বার্ষিকী এসেছিল ১৯৫৩ সালে। ভাষাসৈনিক প্রকৌশলী মোশারেফ উদ্দিন আহমদের লেখা আর আলতাফ মাহমুদের সুরে সেদিন গাওয়া হয়েছিল প্রভাতফেরির প্রথম গান।

“মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে, আজিকে স্মরিও তারে।”