২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে হাতে হাতে বই

বইয়েরে সঙ্গে সময় কাটানোর উৎসবে ধুলোর উপদ্রব কপালে বিরক্তির রেখা এঁকে দিলেও বাধ সাধতে পারেনি বইপ্রেমীদের উচ্ছ্বাসে।

মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 09:26 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

পুরনো খবর:

বন্ধুদের উদ্যোগে মেলায় ‘ফিরল’ দীপন
বইয়ের মেলায় অন্য মেলা
‘নগর নাব্য’র মোড়ক উন্মোচনে ব্লগারদের মিলনমেলা

একুশে গ্রন্থমেলার ঊনিশতম দিন শুক্রবার উপচে পড়া ভিড় আর জমজমাট বিকিকিনি সে কথাই বলছিল।

ছুটির দিনে বেলা ১১টায় ফটক খুলে দেওয়ার পর আড়মোড় ভেঙে প্রকাশনা সংস্থাগুলোর জেগে ওঠার সময়টা বাদ দিলে একপ্রকার জনসমুদ্রের গতিময় প্রবাহের আছড়ে পড়ার দৃশ্য ছিল সারাটা দিন।   

সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণের স্টলের কাছে ভেড়াই ছিল কষ্টসাধ্য। শুধু ব্যতিক্রম সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়। বড় পরিসরের কারণে সেখানে চলাফেরায় ছিল কিছুটা স্বাচ্ছন্দ।

পরিজনদের নিয়ে মেলায় এসে সেই স্বাচ্ছন্দে ধুলোর উপদ্রবে নাকাল হলেও সন্ধ্যায় বইপ্রেমীদের ফেরার সঙ্গী ছিল হাতে হাতে বই। প্রকাশনা সংস্থাগুলোর ভাষ্যেও এমন সাক্ষ্য মিলল। 

প্রকাশনা সংস্থার মালিক ও বিক্রয়কর্মীরা জানিয়েছেন, ‍ছুটির দিন তো বিক্রি বাড়ার দিন, আগের ছুটির দিনের মতোই ব্যাপক পরিমাণে বই নিয়ে বাড়ি ফিরেছেন বইপ্রেমীরা।

বিকেলে বইমেলায় কথা হয় নোয়াখালী থেকে আসা আরাফাতুর রহমান অপুর সঙ্গে। মেলা ঘুরে ডিআরইউ এর স্টল থেকে তিনটি বই কিনেছেন নোয়াখালী সরকারি কলেজের এই শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে তিনি বলেন, “ঢাকায় একটা কাজে আসছিলাম, বিকেলে মেলায় আসছি। মেলায় এসে ঘুরলাম, দেখে ভাল লাগছে। কয়েকজন লেখকের সাথেও পরিচয় হল।”

সাংবাদিকতার প্রতি আগ্রহী হিসাববিজ্ঞান অনার্সের এই শিক্ষার্থী ‘খবরের ফেরিওয়ালা’, ‘খবরের কবর’ এবং ‘টেলিভিশন সংবাদ ও সাংবাদিকতা’ বই তিনটি কেনার কথা জানান।

এদিন অপুর মতো প্রায় অধিকাংশ দর্শনার্থীর হাতে ছিল বইয়ের ব্যাগ। বিক্রিতে খুশি প্রকাশনা সংস্থা সংশ্লিষ্টরাও।

“সকাল থেকেই মানুষ আসছে, বই দেখছে, বই কিনছে। পরিবেশ ও বিক্রি দুটোই ভাল,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন অ্যাডর্ন পাবলিকেশন্সের মালিক সৈয়দ জাকির হোসেন।

এ প্রসঙ্গে জাকির হোসেন বলেন, “ধুলোবালি থাকলে কী হবে, মানুষ তো আর পালিয়ে যাচ্ছে না। সকালের দিকে মেলা প্রাঙ্গণে পানি ছিটানো হলেও সারাদিনে মানুষের আসা-যাওয়ায় পরিস্থিতি একটু পাল্টেছে।”

শিশুদের বইকেনার আগ্রহ দেখে বিস্মিত এই প্রকাশক বলেন, “এবার মনে হচ্ছে বাবা-মারা বোধহয় শিশুদেরকে বই কিনে দেওয়ার জন্য আলাদা বাজেট করে রেখেছিলেন।”

নতুন বই

বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, শুক্রবার মেলায় নতুন বই এসেছে ২৩৬টি।

এর মধ্যে গল্প ৩৪, উপন্যাস ৪০, প্রবন্ধ ১০, কবিতা ৫৪, গবেষণা ৩, ছড়া ৫, শিশুতোষ ৯, জীবনী ৬, রচনাবলী ১, মুক্তিযুদ্ধ ৯, বিজ্ঞান ৭, ভ্রমণ ৪, ইতিহাস ৬, রাজনীতি ১, চিকিৎসা/স্বাস্থ্য ১, রম্য/ ধাঁধা ৫, ধর্মীয় ৪, অনুবাদ ৩, সায়েন্স ফিকশন ৩ ও অন্যান্য ৩১টি।

মেলার মূলমঞ্চে

সকালে মেলার মূলমঞ্চে শিশু-কিশোর সঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিকেলে মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ’রাধারমণ দত্ত: মৃত্যুশতবার্ষিকী’ শীর্ষক আলোচনা সভা।

কবি মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন শুভেন্দু ইমাম। আলোচনায় অংশ নেন মাহফুজুর রহমান, বিশ্বজিৎ রায় এবং নৃপেন্দ্রলাল দাশ।