বইয়ের মেলায় অন্য মেলা
বইমেলায় রুচির বৈচিত্র্য ও শিল্পবোধে নতুন মাত্রা আনার লক্ষ্যে এবারও চিত্র এবং শিল্পকর্মের প্রদর্শনী করছে বাংলা একাডেমি।
লেখক-প্রকাশক আর পাঠকদের অংশগ্রহণে বইয়ের এই মেলার ইতিহাস ঘেঁটে দেখা যায়, মানুষের নন্দনবোধের বিকাশ ঘটাতে এর আগেও বিভিন্ন সময়ে বাংলা একাডেমির পৃষ্ঠপোষকতায় বইমেলায় বিভিন্ন রকমের শিল্পকর্ম প্রদর্শনী হয়েছে।
এবার একাডেমির স্টলে বই বিক্রির পাশাপাশি প্রদর্শিত হচ্ছে শিল্পী কালিদাস কর্মকারের ১৫টি ধাতব ক্যানভাসে ছাপচিত্রে করা বাংলা বর্ণমালার ক্যালিগ্রাফি।
এসব চিত্রকর্ম বিক্রির জন্য নয় জানিয়ে শিল্পী কালিদাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাপচিত্র সম্পর্কে মানুষকে আরও বেশি জানানোর তাগিদ থেকেই এ আয়োজনে সম্পৃক্ত হয়েছি।”
ইরাক, ইরান, পাকিস্তান, আফগানিস্তান এমনকি বাংলাদেশেও শিল্পীরা আরবি বর্ণমালার ক্যালিগ্রাফি নিয়ে বিভিন্ন সময়ে চিত্রকর্ম করলেও বাংলা বর্ণমালা নিয়ে এমন কাজ খুব দেখা যায়নি।
কালিদাস কর্মকার বলেন, “আমার এবারের কাজগুলোতে ধাতব ক্যানভাসে বাংলা বর্ণমালা ব্যবহার করেছি। আশা করছি, বই কিনতে গিয়ে মানুষ নতুন কিছুও দেখতে পাবে।”
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বর্ধমান হাউসে যাত্রা শুরুর পর থেকে বাংলা ভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা রেখেছে এই একাডেমি।
মূলত সাহিত্যিকদের সঙ্গে কাজ করে এলেও চিত্রশিল্পীদের সঙ্গেও একাডেমির সম্পর্কটা নিগুঢ়। প্রতিষ্ঠার পর ষাটের দশকের শুরুতে চারুশিল্পীদের উৎসাহিত করতে একাডেমি প্রাঙ্গণে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
এরপর বিভিন্ন সময়ে বইমেলায় বা বছরের অন্য কোনো সময়ে চিত্রকর্ম প্রদর্শনী হলেও সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
১৯৮৪ সাল থেকে নিয়মিত আয়োজিত এই মেলা শুধু বইয়ের আড়ং না হয়ে কীভাবে বাঙালির প্রাণের মেলায় পরিণত হলো, সেই ইতিহাস রচনার প্রধান হলেও বাংলা একাডেমির বর্তমান ও সাবেক বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সময়ে উদ্যোগী হয়ে শিল্পকর্মের প্রদর্শনী করা হলেও তা কোনো কাঠামো পায়নি।
সেসব কাজের লিখিত বা মুদ্রিত নথিকরণও (ডকুমেন্টেশন) করা হয়নি। যেমন শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের প্রদর্শনীর কথা শোনা গেলেও, কবে-কখন হয় সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, এই মেলার যাত্রা শুরুর আগে-পরে বিভিন্ন সময়ে চিত্র ও শিল্পকর্মের পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনীরও ব্যবস্থা করেছে বাংলা একাডেমি।
এক সময়ে একাডেমির সঙ্গে যুক্ত লেখক ফজলে রাব্বির ‘স্মৃতিতে বাংলা একাডেমি’ বইয়ে পাওয়া যায়, ১৯৫৪ সালে এই লেখকেরই ‘আমার দেশ’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী হয়েছিল বর্ধমান হাউজে। স্বাধীনতার পর একাডেমিতে ছয়বার আলোকচিত্র প্রদর্শনী করেন শিল্পী নাসির আলী মামুন।
তিনি জানান, ১৯৭৭ সালের বইমেলায় বর্তমান মূল মঞ্চের পেছনের ভবনে বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত চল্লিশোর্ধ্ব ৬৬ জন লেখকের আলোকচিত্র প্রদর্শনী হয়।
সে প্রদর্শনীর মন্তব্য খাতায় কবি রফিক আজাদের মন্তব্যে ছিল, “এই প্রদর্শনী খুব ভালো লাগলো, তবে মৃত ও মুমূর্ষু লেখকদের ছবি সব।”
কাজী নজরুল ইসলাম বিষয়ক আলোকচিত্রের পাশাপাশি তাতে স্থান পায় জাতীয় কবির সান্নিধ্য পাওয়া কাজী মোতাহার হোসেন, সুফিয়া কামাল, জসিমউদ্দিন ও ইব্রাহীম খাঁ’র মত সাহিত্যিকদের আলোকচিত্র।
এরপর ১৯৮২, ১৯৮৬, ১৯৮৭ ও ১৯৯৮ সালে বইমেলায় আবারও নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে একাডেমি।
শিল্পী এসব প্রদর্শনীর বিষয় হিসেবে মূলত লেখকদের আলোকচিত্রের কথা বললেও একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলছেন, একটি প্রদর্শনী হয়েছিল ‘স্মৃতি বিস্মৃতির ঢাকা’ শিরোনামে।
এর এক যুগের বেশি সময় পর ২০১৩ সালের বইমেলায় জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পী এম এ তাহেরের ক্যামেরায় বিভিন্ন সময়ে ধারণ করা তার আলোকচিত্র প্রদর্শনী হয়।
শামসুজ্জামান খান জানান, বিভিন্ন ধরনের লেখা, সাইনবোর্ড ও ব্যানারে ভুল বানানের ব্যবহার নিয়েও মেলায় বেশ কয়েকবার প্রদর্শনী হয়েছে। তবে এসব প্রদর্শনীর সময় ও আলোকচিত্রীর নাম নির্দিষ্ট বলতে পারেননি তিনি।
বইমেলায় চিত্র ও আলোকচিত্রের এমন আয়োজন সম্পর্কে নাসির আলী মামুন বলেন, “বাংলা একাডেমি যে শুধু সাহিত্য প্রকাশ করবে তা না। অন্যান্য ভিজ্যুয়াল আর্ট, যেগুলোর সাথে সাহিত্যের খুব নিবিড় সম্পর্ক আছে সেগুলো নিয়েও কাজ করতে পারে একাডেমি।
“২০১৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একটি আলোকচিত্র প্রদর্শনী দিয়ে একাডেমির ভাস্কর নভেরা হল উদ্বোধন করা হলেও সেখানে এখন খুব একটা শিল্পকর্মের সমাবেশ দেখা যায় না।”
বইমেলায় ফটোগ্রাফি, পেইন্টিং, আর্কিটেকচার এর মতো অন্যান্য ভিজ্যুয়াল আর্টের সমন্বয় করা গেলে তা মানুষের শিল্পবোধকে এক ‘অনন্য উচ্চতায়’ নিয়ে যাবে বলে মনে করেন আলোকচিত্রী নাসির আলী মামুন।
বইমেলায় চিত্রশিল্পের প্রভাব সম্পর্কে শামসুজ্জামান খান বলেন, “রুচির বৈচিত্র্য আসুক, আমরা এটাই চাই। শিল্পবোধেও এক ধরনের নতুন মাত্রা পাক।
তবে এ ধরনের প্রদর্শনী নিয়ে কিছু সীমাবদ্ধতার কথাও বলেন বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক।
“চাইলেও তো সব সময় সব কিছু পারা যায় না। এবারের মেলাতেই আমরা আরও অনেক চিত্রকর্মই হয়তো আনতে পারতাম। কিন্তু অনেকের চিত্রকর্মের দাম কয়েক কোটি টাকা। এখানকার নিরাপত্তার কথা চিন্তা করেই সেগুলো আনা যায় না।”
একাডেমির মহাপরিচালকের কথায় উঠে আসে ফরাসি বিপ্লবের কথা, এমনকি ঢাকার বিউটি বোর্ডিং এর বিখ্যাত কিছু আড্ডার কথাও; যেখানে বিভিন্ন মাধ্যমের শিল্পীরা এক সাথে সৃষ্টিতে মেতে উঠেছেন তাদের নিজস্ব শিল্প মাধ্যমে।
বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার ক্ষেত্রেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
এই ভাবনা নিয়ে মেলায় কথা হয় বেশ কয়েকজন তরুণ শিল্পীর সঙ্গে। পুরো বিষয়টি নিয়ে আরেকটু পরিকল্পিত প্রচেষ্টা চান তারা।
তারা মনে করেন, বইয়ের আড়ংয়ের সঙ্গে মূল মঞ্চে যদি গান-কবিতার মতো শিল্প মাধ্যম স্থান পায়, তাহলে অন্যান্য শিল্পমাধ্যমও ভূমিকা রাখতে পারবে। কারণ, একেক মাধ্যমের শিল্পী তার সৃষ্টিকে রূপদান করতে একেক ভাষা খুঁজে নেন। তাই মেলায় সেসব ‘ভাব ও ভাষার’ সম্মিলন চান এসব তরুণ শিল্পী।
