২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুদের উদ্যোগে মেলায় ‘ফিরল’ দীপন

উগ্রবাদীদের চাপাতির আঘাতে ফয়সল আরেফিন দীপন প্রাণ হারানোর তিন মাসের মাথায় শুরু হওয়া বইমেলায় তার কোনো স্মৃতিচিহ্ন রাখা না হলেও লেখক-প্রকাশক-পাঠকের এই মিলনমেলায় তাকে ‘ফিরিয়ে’ এনেছেন বন্ধুরা।

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 11:34 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

পুরনো খবর:

‘বাবা, ওরা ওর কোনো স্মৃতিচিহ্নই রাখেনি’

শুধু লেখালেখি ও ছাপানোর কারণে উগ্রবাদীদের হামলায় প্রাণ হারানো লেখক-প্রকাশক স্মরণে মেলার আয়োজক বাংলা একাডেমি কোনো স্মৃতিচিহ্ন না রাখায় তা নিয়ে শুরু থেকেই আকুতির সঙ্গে ক্ষোভও ঝরে তাদের পরিবার আর পাঠকের কণ্ঠে।

তাই মেলার ১৯তম দিন নিহত জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনের স্মৃতি তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তার কলেজ বন্ধুরা।

মেলার প্রবেশপথসহ বিভিন্ন স্থানে দীপনের হাসিমাখা ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন তারা; যাতে লেখা, ‘যে দীপ জ্বেলেছিল দীপন’।

গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে নিজ কার্যালয়ে হামলায় নিহত হন জাগৃতির কর্ণধার দীপন। গত বইমেলা চলাকালে উগ্রবাদীদের চাপাতির আঘাতে নিহত যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ রায়ের জনপ্রিয় বই ‘বিশ্বাসের ভাইরাস’ ছেপেছিলেন তিনি।

দীপনদের ওপর হামলার তিন মাসের মাথায় এল এবার বইমেলা।

তার স্ত্রী রাজিয়া রহমান জলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯১ ব্যাচে ঢাকা কলেজে দীপনের যারা সহপাঠী ছিলেন সম্প্রতি তারা তার নামে ‘দীপন স্মৃতি সংসদ’ করেছেন। তারাই মেলায় এগুলো টানিয়েছেন।

Image
একুশের বইমেলায় জাগৃতি প্রকাশনীর স্টল, যার প্রকাশক ফয়সল আরেফিন দীপন কয়েক মাস আগে উগ্রপন্থিদের হামলায় নিহত হন। ছবি: আসিফ মাহমুদ অভি

একুশের বইমেলায় জাগৃতি প্রকাশনীর স্টল, যার প্রকাশক ফয়সল আরেফিন দীপন কয়েক মাস আগে উগ্রপন্থিদের হামলায় নিহত হন। ছবি: আসিফ মাহমুদ অভি

মেলাকেন্দ্রিক কোনো কর্মসূচি থাকছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “থাকবে। তবে এখনও নির্দিষ্ট হয়নি।”

গত বছর বইমেলার ২৬তম দিনে মেলা থেকে ফেরার পথে টিএসসি এলাকায় খুন হন অভিজিৎ। ঘাতকের চাপাতির কোপে একটি আঙ্গুল হারান তার সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

এর আট মাসের মাথায় ৩১ অক্টোবর জাগৃতির পাশাপাশি অভিজিতের বইয়ের আরেক প্রকাশনী শুদ্ধস্বর কার্যালয়েও হামলা হয়।

লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে ওই হামলায় প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, ব্লগার তারেক রহিম ও রণদীপম বসু গুরুতর আহত হন।

‘স্বল্প’ প্রস্তুতিতে মেলায় জাগৃতি প্রকাশনীর দেখভাল করছেন দায়িত্ব পালন করছেন রাজিয়া রহমান জলি। অন্যদিকে, প্রকাশক ও মালিকদের অবর্তমানে অনেকটা প্রাণহীন আছে বইমেলায় শুদ্ধস্বরের স্টল।

বইমেলায় দীপনের স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে শুধু প্রকাশনা সংস্থা জাগৃতির স্টলটি। সেখানকার পুরো অবয়ব সাজানো হয়েছে তার স্মৃতিকে ঘিরে।

কালো থিমে সাজানো স্টলের সামনে আর ভেতরের অংশে লাগানা হয়েছে দীপনের হাসিমাখা তিনটি ছবি। স্টলের এক কোনায় রাখা হয়েছে তার রক্তমাখা পাণ্ডুলিপি, কলমদানি আর রক্তে ভেজা একটি চটের কিছু অংশ।

দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ফজলুল হক নিজেও লেখক। অভিজিতের বাবা অজয় রায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বিজ্ঞান বিষয়ে লেখালেখির জন্য তিনিও খ্যাতিমান।