প্রসিকিউটর মোহাম্মদ আলী বরখাস্ত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার দায়িত্ব থেকে সরানোর পর এবার প্রসিকিউটর মোহাম্মদ আলীকে ‘শৃঙ্খলা ভ্ঙ্গ ও অসদাচরণের’ অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ আল শাহীন বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিফ প্রসিকিউটরের অফিস থেকে তার (মোহাম্মদ আলী) বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। এর প্রেক্ষিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকে সাসপেন্ড করা হয়েছে।”
প্রসিকিউটর মোহাম্মদ আলী
প্রধান প্রসিকিউটর ওই চিঠিতে বলেন, “নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে তার (মোহাম্মদ আলী) বিরুদ্ধে শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ এবং পেশাগত অসদাচরণের গুরুতর অপরাধের অভিযোগে প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি।”
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ আল শাহীন বলেন, বিভাগীয় ব্যবস্থা হিসেবে মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করার পর এখন তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় তদন্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এক নোটিসে জানানো হয়, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আলবদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না বলেও তাতে জানানো হয়েছিল। তবে কোনো কারণ ব্যাখ্যা না করে প্রধান প্রসিকিউটর লিখেছিলেন, ‘জনস্বার্থে’ এই পদক্ষেপ।
এর আগে ২০১৪ সালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ নিজের কম্পিউটার থেকে তথ্য চুরির সন্দেহে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে মোহাম্মদ আলী আলোচনায় আসেন। ওই ঘটনার ‘সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য’ মোহাম্মদ আলীও সে সময় পাল্টা জিডি করেন।
এর কারণ হিসেবে তিনি দেখান, চিফ প্রসিকিউটর কার্যালয়ের একই কক্ষে তারা অফিস করেন এবং ওই কক্ষের কম্পিউটার থেকেই তথ্য চুরির সন্দেহের কথা বলেছেন তুরিন।
