২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষায় অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাশত করব না: প্রধানমন্ত্রী

জাতিসংঘের শান্তিমিশনে থাকা বাংলাদেশি সদস্যদের কোনো কাজে যাতে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 12:24 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

সেন্ট্রাল আফ্রিকায় যৌন নিপীড়ন: ‘জিরো টলারেন্স’ দেখাবে বাংলাদেশ

বৃহস্পতিবার ঢাকার মিরপুর আর্মি স্টাফ কলেজে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “শান্তিরক্ষায় নিয়োজিত আমাদের কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত আচরণ ও কর্মকাণ্ড বরদাশত করব না।”

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, “আমরা চাইব, দেশের সুনাম যেন অক্ষুণ্ন থাকে। আমরা চাই না আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়।”

জাতিসংঘের সহকারী মহাসচিব (ফিল্ড সাপোর্ট) অ্যান্থনি ব্যানবারি গত জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিরাপত্তায় নিয়োজিত ইউরোপীয় সৈন্য ও জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগের কথা তুলে ধরেন; সেখানে বাংলাদেশি সৈন্যদের সংশ্লিষ্টতার কথাও আসে।

সে সময় বাংলাদেশের সশস্ত্রবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শিশুদের যৌন নিপীড়নের ঘটনায় বাংলাদেশি কারও সম্পৃক্ততা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

“বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এতে কারও দোষ পাওয়া গেলে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ থাকবে।”

স্টাফ কলেজে ডিএসসিএসসি ২০১৫-১৬ কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ১৬টি দেশে জাতিসংঘের শান্তি মিশনের মধ্যে ১১টিতে আট হাজার ৫০১ জন বাংলাদেশি কাজ করছেন।

বিভিন্ন দেশের মোট ১ লাখ ২৫ হাজার ৯৭ জন শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি।

জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ফিল্ড সাপোর্ট (ডিএফএস) এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খের গতবছর  ঢাকা সফরে এসে বাংলাদেশের শান্তিরক্ষীদের কাজের প্রশংসা করে বলেন, “বাংলাদেশ আর শান্তিরক্ষা এখন সমার্থক।”

প্রধানমন্ত্রী বলেন, “শান্তিরক্ষী প্রেরণে এখনো আমরা শীর্ষে অবস্থান করছি।”   

মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানে ডিএসসিএসসি ২০১৫-২০১৬ কোর্সের সনদ বিতরণ করা হয়।

এই কোর্সে গ্র্যাজুয়েশন করা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫৮, নৌবাহিনীর ২৩ ও বিমানবাহিনীর ২০ জন এবং ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, সৌদি আরব, সিয়েরা লিয়ন, শ্রীলংকা, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা, যুক্তরাষ্ট্র ও জাম্বিয়ার মোট ২৬৮ জন অফিসার প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদ নেন।  

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্বপালনের সময় এ পর্যন্ত নিহত ১২৮ জন বাংলাদেশি সদস্যের কথা স্মরণ করেন।

দেশে বড় ধরনের অবকাঠামো নির্মাণে সেনাবাহিনী দক্ষতার পরিচয় দিয়ে আসছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও দক্ষতা ব্যাপক সুনাম কুড়িয়েছে।”

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন দেশে শান্তিরক্ষা,গণতন্ত্রে উত্তরণ, সামাজিক অগ্রগতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনসহ বিভিন্ন কাজে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা সাফল্যের পরিচয় দিচ্ছেন বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।

তিনি বলেন, এই সাফল্য “বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে।”

২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেছিলেন, “জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নেতৃত্বের স্থানে রয়েছে।”

১৯৮৮ সালে ‘পর্যবেক্ষক’ থেকে শুরু করে পরবর্তীতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালিত হওয়া মোট ৬৬টি মিশনের মধ্যে ৪৫টিতে বাংলাদেশ অংশ নিয়েছে।

সশস্ত্র বাহিনীকে ‘জাতীয় সম্পদ’ অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন,“স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ক্ষমতা কাঠামোর অন্যতম একটি প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী।

“জাতির পিতা এই উপলব্ধি থেকে স্বাধীনতা উত্তর বাংলাদেশে সুশৃঙ্খল ও পেশাদার একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন।”  

মাতৃভূমির স্বাধীনতা রক্ষার মহান দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনী সদা সতর্ক রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।”

ডিএসসিএসসি কোর্সে যে পুরুষ অফিসাররা ‘পিএসসি’ ডিগ্রি পেয়েছেন, তাদের স্ত্রীদেরও প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান।

তিনি বলেন, “সত্য কথা হচ্ছে- নারীর সহযোগিতা ছাড়া পুরুষের অগ্রগামী হওয়া দুঃসাধ্য।… স্ত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসাহের কারণেই আজ আপনারা গর্বিত ‘মিরপুরিয়ান’।”

এ বছর মোট ১১ জন মহিলা অফিসারও এই কোর্সে গ্র্যাজুয়েশন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি ১১ জন মেয়ে অফিসারের বেটার হাফকে ধন্যবাদ জানাতে চাই।”

বিদেশী অফিসারদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “ট্র্যাক থ্রি ডিপ্লোমেসির এই যুগে পিএসসি ডিগ্রি অর্জনকারী বিভিন্ন দেশের সেনা সদস্যদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়, একে অন্যের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং কোর্সে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতির সংহতি ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে।”    

বিভিন্ন খাতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ আমাদের দেশ। আমরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। আমরা কারও কাছে মাথা পাতব না। আমার কাছে দেশের মর্যাদা অনেক। আমরা কারো কাছে হেয় হতে চাই না। সেজন্য অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে।”

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক।