বিডিনিউজ টোয়েন্টিফোরের সাংবাদিককে কুপিয়ে জখম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক কাজী মোবারক হোসেন।
পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে ছাত্রলীগের একদল কর্মী চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালায় বলে মোবারক জানিয়েছেন।
ওই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী মোবারক জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি।
সোমবার বিকালের এই ঘটনায় কোতোয়ালি থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন মোবারক। তাতে আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান বিশ্বাসকে প্রধান আসামি করা হয়েছে।
ইমরানকে অন্য সাংবাদিকরা ধরে ফেললেও ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তাকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে মোবারক এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার ইমরান আহমেদ অপু মোটর সাইকেলে করে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় প্রধান ফটকের সামনে ইমরানের নেতৃত্বে পাঁচজন ছাত্রলীগকর্মী তাদের উপর চাপাতি, রড ও লাঠি নিয়ে হামলা করে।
চাপাতির আঘাতে মোবারকের ডান চোখের উপরের অংশ জখম হয়। এছাড়া এলোপাথারি আক্রমণে তার পিঠে, ঠোঁটে, মাথায় ও পায়েও জখম হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক কাজী মোবারক হোসেন
আহত মোবারককে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড)নেওয়া হয়েছে।
মোবারক বলেন, মাস্টার্সের সনদ তুলতে তিনি ক্যাম্পাসে গিয়েছিলেন। ফেরার পথে ইমরানের নেতৃত্বে তার উপর হামলা হয়।
অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের সভাপতি শরীফের কর্মী ইমরানের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়েছে। আর হামলার পর তাকে ধরা হলে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এটিই প্রমাণ করে যে, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের ইন্ধনেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সবকিছু শুনেছি। সকালেই এ বিষয়ে তদন্ত করা হবে।”
মামলার বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, “শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
