২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ‘কোটি টাকা জরিমানা’

ফেইসবুকসহ অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা প্রয়োগ করার হুমকি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 06:21 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশ্ন ফাঁসের গুজবের শাস্তি হিসেবে ১৪ বছর জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানার ওই আইনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

প্রশ্ন ফাঁসের যে কোনো ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে চার বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে।

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বলা হয়েছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে মিথ্যা কিছু প্রকাশ বা সম্প্রচার করে, যার দ্বারা কারও মানহানি ঘটে, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তার অপরাধের শাস্তি হবে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা।

আইনের এই ধারাটি নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক তথ্যপ্রযুক্তি আইনের ওই ধারাটি বিলুপ্ত করে তা আরও স্পষ্ট করে সাইবার অপরাধ দমন আইন প্রণয়ন করে তাতে যুক্ত করা হবে বলে জানিয়েছেন।

Image
চলতি এসএসসি পরীক্ষায় বসেছে ১৬ লাখ শিক্ষার্থী

চলতি এসএসসি পরীক্ষায় বসেছে ১৬ লাখ শিক্ষার্থী

গত ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের তিন হাজার ১৪৩টি কেন্দ্রে একযোগে ‍শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।

এসএসসিসহ পাবলিক পরীক্ষায় ইতোপূর্বে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও বেশিরভাগ ক্ষেত্রে তা গুজব বলে উড়িয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এবার প্রশ্ন ফাঁসের সব পথ বন্ধ করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দাবি করে আসছেন।

পুরনো খবর:

প্রশ্ন ফাঁস হবে না, আশা মন্ত্রীর