যানজট নিয়ন্ত্রণে দিল্লির ‘জোড়-বেজোড়’ নিয়ম ঢাকায়ও!
রাস্তায় ব্যক্তি মালিকানাধীন গাড়ির চাপ কমাতে দিল্লিকে অনুসরণের পরিকল্পনার কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর এক অভিযানে অংশ নিয়ে যানজট নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
ব্যক্তি মালিকানাধীন গাড়ির সংখ্যা কমানোর উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “ছোট ছোট গাড়িগুলো ছত্রাকের মতো শহরের রাস্তা দখল করছে। এগুলোকে আমরা নিরুৎসাহিত করছি।
“আমরা কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। তবে গাড়ি রাস্তায় নামার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতে চাই। এমনকি দিল্লির মতো জোড়-বিজোড় করে গাড়ি নামানোর চিন্তাও আমাদের আছে। এটা চালু করলেও ফল পাওয়া যাবে।”
পরিবার প্রতি একটি গাড়ি রাখার বিষয়টি নতুন আইনে যুক্ত করার তথ্য দিয়ে তিনি বলেন, “ছোট ছোট গাড়ির ব্যবহার সীমিত করে আইন পাস করা হবে।”
দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার নতুন বছরের প্রথম দিন থেকে ব্যক্তিগত যানবাহন চলাচলে জোড়-বেজোড় সংখ্যার গাড়ি চলাচলে আলাদা দিন নির্ধারণ করে দিয়েছে।
এই নিয়মে জোড় সংখ্যার নম্বরপ্লেটধারী ব্যক্তিগত গাড়িগুলো একদিন দিল্লির রাজপথে চলাচল করবে, পরদিন চলবে বেজোড় নম্বরপ্লেটের গাড়ি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যানজটের আরও কিছু কারণ তুলে ধরেন ওবায়দুল কাদের।
তার মতে, ফুটপাতে অবৈধ দখল, প্রাইভেটকারের ছড়াছড়ি আর ফিটনেসবিহীন গণপরিবহন ঢাকায় যানজটের প্রধান কারণ।
তিনি বলেন, “ঢাকা শহরের যানজট নিরসন করতে হলে অনেকগুলো টেকনিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের মতো টেকনিক্যাল সিদ্ধান্ত এখনই নিতে হবে।”
ভোটের রাজনীতির কারণে এসব সিদ্ধান্ত আর কার্যকর করা যায় না বলেও মন্তব্য করেন কাদের।
রিকশার সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “৫০ হাজার রিকশার রেজিস্ট্রেশন নিয়ে এখন ঢাকায় কয়েক লাখ রিকশা চলছে। এগুলোকে নীতিমালার মধ্যে নিয়া আসা না গেলে যানজট দূর হবে কীভাবে?”
