২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপরিবহনে অবস্থার ‘উন্নতির’ দাবি মন্ত্রীর

ভাড়া পুনর্নির্ধারণের তিন মাসের মধ্যে অটোরিকশা চালকরা পুরনো অজুহাতে ফিরে গেলেও মন্ত্রীর দাবি, পরিস্থিতির ‘উন্নতি হচ্ছে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 08:29 PM

Updated : 11 Oct 2022, 07:43 PM

পুরনো খবর:

যাত্রীদের চুক্তিতে যেতে বাধ্য করছেন অটোরিকশার চালকরা
গণপরিবহনে নৈরাজ্য বন্ধে অভিযান

বুধবার গণপরিবহন নিয়ে নানা অনিয়মের অভিযোগ স্বীকার করেই এদাবি করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকার মানিক মিয়া এভিনিউতে ‘গণপরিবহনে নৈরাজ্যের বিরুদ্ধে’ বিআরটিএ’র অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে এসে তিনি বলেন, “চলমান অভিযানে পরিস্থিতির উন্নতি হচ্ছে।”

মন্ত্রী জানান, ঢাকা শহরের ভেতরে যেসব সিএনজি চালিত অটোরিকশা মিটার ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে; ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযানে সাড়াও পড়েছে।

বিভিন্ন অনিয়মের জন্য গত তিন মাসে বিআরটিএ এর চলা অভিযানে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “এসব অভিযান প্রমাণ করে গণপরিবহনে যে নৈরাজ্যের অভিযোগ শোনা যাচ্ছিল, তার সত্যতা রয়েছে।”

তিনি জানান, জানুয়ারি মাসের অভিযানে মামলা হয়েছে ১২০৫টি, জরিমানা আদায় করা হয়েছে ১৯ লাখ ১০ হাজার টাকা; ২৮৮টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে, এর অধিকাংশই সিএনজি চালিত অটোরিকশা।

ডিসেম্বরের অভিযানে ১১৬৩টি মামলা হওয়ার পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে ১৭ লাখ ১৫ হাজার; ডাম্পিংয়ে পাঠানো হয়েছে ১৭২টি। কারাদণ্ড দেওয়া হয়েছে ২৪ জনকে।

এর আগে নভেম্বর মাসে ১৫৬০টি মামলা ও ২২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায়ের কথা জানান মন্ত্রী। ওই মাসে ডাম্পিংয়ে পাঠানো হয়েছিল ১৬১টি গাড়ি।

ওবায়দুল কাদের বলেন, “আমার মনে হয়, এই তৎপরতা অত্যন্ত সন্তোষজনক। সেটা এ কারণেই যে, অভিযানটা ধীরে ধীরে কার্যকর হচ্ছে। অনিয়ম বিশৃঙ্খলার যে অভিযোগ এসেছিল তারও সত্যতা পাওয়া যাচ্ছে। অনিয়ম যদি না থাকে, এতো মামলা এতো জরিমানা করতে হচ্ছে কেন? কারণ তারা অনিয়মে চলে।”

“বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দাবি এখন ৯৫ ভাগ সিএনজি মিটারে চলছে। সেটা যদি ৮০ ভাগও হয় তাহলে খারাপ কী? আগে তো মোটেও চলতো না।”

 

মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা

চালকদের পাশাপাশি অতিরিক্ত জমা খরচ আদায়কারী সিএনজি অটোরিকশার মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানান মন্ত্রী।

“নির্ধারিত হারের চেয়ে বেশি জমা আদায় করার দায়ে গত ২ ফেব্রুয়ারি একজন সিএনজি অটোরিকশার মালিকের কাছ থেকে ৫২ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

সাদা রঙের প্রাইভেট সিএনজি অটোরিকশাও মিটারের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, “রাস্তায় ভাড়ায় চলা প্রাইভেট সিএনজি সম্পর্কে আমরা অত্যন্ত কঠোর। এসব সিএনজিগুলো ধাপে ধাপে চিহ্নিত করে আটক করছি। এগুলোকে মিটারের আওতায় আনা হবে। অন্যথায় তারা রাস্তায় চলতে পারবে না।”

অভিযোগ রয়েছে, ঢাকায় পুলিশ, ট্রাফিক পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যক্তিগত সিএনজি অটোরিকশার লাইসেন্স নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সবকিছু শতভাগ ঠিক হয়ে যাবে এটা আপনি আশা কররেন না। আমরা আরও ভালো করার জন্য চেষ্টা করছি-এটা বিশ্বাস করেন। অনিয়মগুলো যতটা সম্ভব কমানোর জন্য আমরা চেষ্টা করছি।”

</div>  </p>