স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত, শেরপুরের অস্ত্র-গুলি ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের
শেরপুরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বলে স্পষ্ট ইঙ্গিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, “আমি কাউকে দোষারোপ করব না। ভারতে বিচ্ছিন্নতাবাদী যারা ছিল, বিগত সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিত। সেগুলোর একটা চিহ্ন এটি।”
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেইকের সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
একদিন আগে শেরপুরের নালিতাবাড়িতে মেঘালয় সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব ভারী অস্ত্রসহ ৪৮ হাজারের বেশি গুলি উদ্ধার করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)
২০১৪ সালের শেষ দিকে হবিগঞ্জের চুনারুঘাটে কয়েক দফা অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
যে জায়গায় এসব গোলাবারুদ পাওয়া গেছে, তা এক সময় অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এটিটিএফ) আস্তানা ছিল বলে মনে করা হয়। ত্রিপুরার এই বিদ্রোহী দলটি এখন দুর্বল হয়ে পড়েছে।
এর আগে নালিতাবাড়িরই এক গ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল একে-৪৭ রাইফেল ও গুলি।
আর পাশের ঝিনাইগাতি উপজেলার ভারত সীমান্তসংলগ্ন এলাকায় ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্তত ৫০ হাজার গুলি, রকেট, মাইন ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়।
মাইন উদ্ধারের পর ২০১০ সালে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছিল, সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘সংযুক্ত মুক্তি বাহিনী অসম’ বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফার) এর ফেলে যাওয়া গোলাবারুদ বলে ধারণা করছে তারা।
তবে বর্তমান সরকার বিছিন্নবাদীদের প্রশ্রয় দেয় না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের সরকার তাদের ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে দেয়।”
দুই দূতের সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তারা দুজন আমাদের সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলার প্রশংসা করেছে এবং কীভাবে তা করছি, তা জানতে চেয়েছে।
“বার্নিকাট আমাদের জানিয়েছে, এদেশে আইএস নেই, তবে আইএসের হুমকি রয়েছে। তাই তারা বাংলাদেশের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে চায়।
“আমরা সব সময় আদান-প্রদান করতে প্রস্তুত রয়েছি বলে তাকে জানিয়েছি। তথ্য আদান-প্রদানে যুক্তরাষ্ট্র একজন বিশেষজ্ঞ পাঠাতে চায়।”
দেশে কোনো ধরনের সন্ত্রাসী হুমকি রয়েছে কি না- সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদ এখন বিশ্বের একটি সমস্যা। হুমকি সব সময় আছে এবং সব সময় থাকবে।
“তবে বাংলাদেশের মানুষ কখনও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। এজন্য এদেশ নিয়ে আমি খুবই আশাবাদী।”
তার আগে বার্নিকাট সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, “আমি আমেরিকায় সফরের সময় এবং আজও রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে বলেছি।”
