২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পড়ুক ছড়িয়ে একুশের চেতনা, বন্ধ হোক সংঘাত’

বিশ্বব্যাপী সংঘাত বন্ধে ভাষা আন্দোলনের চেতনাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান এসেছে চেক প্রজাতন্ত্রের লেখক-গবেষক রিবেক মার্টিনের কণ্ঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 08:31 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “অন্যভাষা শেখা, সাহিত্য অনুবাদ, ভ্রমণ ও আলোচনার মাধ্যমে যেন এমন একটি মানসিক ভাষা তৈরি হয়, যা শুনলে সকলের জন্যই শান্ত ভবিষ্যত কল্পনা করা যায়।

“এই ভাষা আন্দোলনও সফল হোক, এটাই আমার একান্ত কাম্য।”

একুশে বইমেলা উপলক্ষে নিজের তিনটি ‘প্রার্থনা’ জানান রিবেক মার্টিন, যার একটি ছিল ‘মানসিক ভাষা’ তৈরির।

অন্য দুটিতে নিজের শেকড়ের স্বাধীনতা রক্ষায় আর যেন আর রক্ত দিতে না হয় এবং বই ও ইন্টারনেটের যুগলে বই পড়া সমৃদ্ধ করার আর্তি জানিয়েছেন এই লেখক ও গবেষক।

ভাঙ্গা ভাঙ্গা বাংলায় দেওয়া তার বক্তব্য উপস্থিত সবার মনযোগ কাড়ে।

কড়তালি দিয়ে তার সাহসিকতায় উৎসাহ যোগাতে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি উপস্থিত শ্রোতাদের।

বাঙালির ভাষা আন্দোলনকে পৃথিবীর ইতিহাসে একটি বড় ‘মানবিক অভিজ্ঞতা’ অভিহিত করে রিবেক মার্টিন বলেন, “যেটা সারা পৃথিবীর দ্বারে পৌঁছে গেছে, যে মানুষের প্রাণ আছে। অমর একুশে ফেব্রুয়ারি শুধু একটা আন্তর্জাতিক ভাষা দিবস, বরং সারা পৃথিবীর একটা প্রতীক হিসাবে গণ্য করা হয়।”

“আত্মগ্লানির শেকড় ভাঙ্গতে, মন, দেহ ও ভাষা-সংস্কৃতি স্বাধীনভাবে প্রকাশ করতে এটা ছিল আধুনিক যুগের বহু জাতির সংগ্রামের ঐক্য। সেই আন্দোলনে শহীদ ও তাদের স্মৃতি আমাদের ভবিষ্যতের আলো।”

উপনিবেশিক ধারণা এখনও বহু দেশকে দাবিয়ে রেখেছে মন্তব্য করে তিনি বলেন, “তাদের শেকল ভেঙে মুক্ত হয়ে নিজের গলায় গান গাইতে চাই, কণ্ঠ ছেড়ে।”

“যারা সামাজিক আদর্শের বাইরে তাদের আমরা অনেক সময় অতিক্রম করতে অক্ষম। এই অক্ষমতা আজকাল শরণার্থীদের সৈকতে নিক্ষেপ করেছে। জাতিগত ধর্মগত যা-ই হোক, দেখা যায় যখন সমালোচনার বদলে হিংসা চলে আসে, তখন এই ধরনের সমস্যা তৈরি হয়।”

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ কবি ও জীবনানন্দ অনুবাদক জো উইন্টার বাংলা কবিতা অনুবাদে নিজের আগ্রহ তৈরির ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বলেন, “১৯৯৪ সালে আমি প্রথম কলকাতায় আসি; সেসময় বাংলা কবিতা অনুবাদের ইচ্ছা আমার ছিল না। আমি বাংলা ভাষা শিখতে চেয়েছিলাম। সেখানে কিছু দিন থাকার পর আমি কবিতা অনুবাদের দিকে ঝুঁকে পড়ি। এটার মহত্বের দিকে ধাবিত হই।”

“২০০৬ সালে বিশ্ব সাহিত্যের বিভিন্ন ভাষার কবিতা অনুবাদ করা এবং ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর পর মাত্র দুই সপ্তাহ কলকাতায় ঘুরে আমি সিদ্ধান্তে আসি, কলকাতা কবিতার বিশ্ব কেন্দ্র।”

বাংলা থেকে সর্বপ্রথম অনুবাদ হিসাবে রবীন্দ্রনাথের ‘হারিয়ে যাওয়া’ কবিতার কথা উল্লেখ করে অনুবাদ পড়ে শোনান তিনি।

নজরুলের ‘তুমি আমায় ভালবাসো তাইতো আমি কবি/আমার এই রূপ তোমার ভালোবাসার ছবি’ কবিতা পাঠ করে বক্তব্য শেষ করেন এই কবি।

অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রকাশনা সমিতির (আইপিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডেনিস পল শার্কিন বলেন, “পৃথিবীর অনেক বইমেলায় গিয়েছি, এটাই তার মধ্যে সবচেয়ে বড়।”

জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতিকে আইপিএর সদস্যপদ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইপিএ একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। ৬৮টি দেশের পাঠ, লেখা ও লেখকের সম্মিলন এখানে ঘটেছে।”

প্রকাশনার ক্ষেত্রে সেন্সরশিপকে ‘বড় হুমকি’ আখ্যায়িত করে আইপিএ সভাপতি বলেন, “সেন্সরশিপ শুধু সরকারের দিক থেকে আসছে না। পাঠক নিয়ন্ত্রণকারী ইন্টারনেটে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এখন এটা আসছে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী অমর একুশের বইমেলার উদ্বোধন করেন।

বাংলা একাডেমি সভাপতি এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিসচিব বেগম আকতারী মমতাজ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

প্রকাশকদের পক্ষে অন্যপ্রকাশের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে ১১জন লেখক, কবি, সাহিত্যিক ও গবেষককে বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

পরে রেজোয়ানা চৌধুরী বন্যা ও অনিন্দিতা কামাল সঙ্গীত পরিবেশন করেন।