২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

গাজীপুরের পুবাইলে কেমিক্যাল কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 08:39 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

মৃত স্বাধীন ফরাজী (২৮) জামালপুরের ইসলামপুর উপজেলার এলাকার মৃত সিরাজ ফরাজির ছেলে। স্বাধীনকে নিয়ে বয়লার বিস্ফোরণের পাঁচদিনের মাথায় নিহতের সংখ্যা দাঁড়ালো আটজনে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা অব্স্থায় তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় বিস্ফোরণে দিনই সুপারভাইজারসহ ছয়জনের মৃত্যু হয়। এরপর মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. কামাল হোসেন (৪৯) নামে আরও একজনের মৃত্যু হয়।

২৪ জানুয়ারি বিকালে মো. ইমান উদ্দিন নামে এক ব্যক্তির ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ কারখানার দুটি বয়লার বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার সময়ন স্বাধীন ওই কারখানার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় বিস্ফোরণে তার শরীর ঝলসে যায়। স্বাধীনের শরীরের ৮৫ ভাগ পুড়ে যায় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

বয়লার বিস্ফোরণ ও মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে পূবাইল পুলিশ ক্যাম্পের এএসআই গোলাম সারোয়ার জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে কারখানার মালিকসহ তিনজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, অনুমোদন না নিয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই আসামিরা ওই কারখানা খুলে ব্যবসা শুরু করে।

আগে একবার কারখানাটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলার এক কর্মকর্তা জানিয়েছিলেন।

পুরনো খবর:

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু
গাজীপুরে কারখানায় বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬