গাজীপুরে কারখানায় বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬
গাজীপুরের পুবাইলের কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল কাদের (৫০) ওই কারখানার সুপারভাইজার ছিলেন। তিনি টঙ্গীর বনমালা এলাকার ফয়জুদ্দিন বেপারীর ছেলে।
রোববার ভোরে বার্ন ইউনিটে তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল ৬টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৫৫) মারা যান।”
ধাতব ও রাসায়নিক কারখানায় শনিবারের এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জন হলো।
এছাড়া দ্বগ্ধ কামাল হোসেন (৪৯) ও স্বাধীন (৩২) নামে আরও দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পরিদর্শক মোজাম্মেল।
তিনি বলেন, “ওই দুজনের অবস্থাও ভালো না।”
হাজী ইমান উদ্দিন নামের একজনের মালিকানাধীন স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কারখানাটিতে পুরনো টায়ার গলিয়ে তার ও একধরনের তেল বের করা হতো।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ কারখানার দুটি বয়লার বিস্ফোরিত হলে তাৎক্ষণিকভাবে পাঁচজনের মৃত্যু হয়।
শনিবারে নিহতরা হলেন- পূবাইলের বারইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও দেলোয়ার হোসেনের স্ত্রী জেবুন্নেসা সিদ্দিকা (৪০) ও বসুগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. সেলিম (৪৫) এবং মাদারীপুরের ডাসার উপজেলার বাঘরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কাওসার হোসেন (৪০), খুলনার দাকোপ উপজেলার রফিকুল ইসলামের ছেলে মো. সফিকুল ইসলাম (২১) ও মাদারীপুরের মনিপুর উপজেলার মো. আলহাজ (২৩)।
এদিকে রোববার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, পুড়ে যাওয়া কারখানার ভেতর থেকে ধূয়া বেরুচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ড্যাম্পিংয়ের কাজ করছে। কারখানার প্রাচীর ভেঙ্গে বয়লারটি পেছনের দিকে সরে গেছে। সামনের দিকসহ কারখানার কয়েকশ ফুট দূরে ছিটকে গিয়ে গাছে আটকে আছে।
অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাহেনুল বলেন, “কারখানাটি সম্পূর্ণ অবৈধভাবে চলছিল; অনভিজ্ঞ লোক দিয়ে পরিচালিত হচ্ছিল।”
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সোনিয়া বলেন, এর আগে কারখানাটিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।পরে তাদের আবেদনের প্রেক্ষিতে কিছু শর্ত পূরণ করতে বলা হয়।১৯ জানুয়ারি কারখানা পরিদর্শন করে দেখা যায়, সেসব শর্ত পূরণ হয়নি।
“কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।”
