গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু
গাজীপুরের পূবাইলের কারখানার বয়লার বিস্ফোরণে দগ্ধ হওয়ার তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. কামাল হোসেন (৪৯) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
কামালের বাড়ি নরসিংদীর ঘোড়াশালে। গত শনিবারের বিস্ফোরণে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত জনে। এছাড়া স্বাধীন (৩২) নামে আরও একজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থাও ভাল নয় বলে বলে পরিদর্শক মোজাম্মেল জানান।
গাজীপুরের বসুগাঁও পশ্চিমপাড়া এলাকার মো. ইমান উদ্দিনের (৪৭) মালিকানাধীন ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের ওই কারখানায় পুরনো টায়ার গলিয়ে ফার্নেস অয়েল বের করা হতো।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ কারখানার দুটি বয়লার বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
নিহত বাকিরা হলেন- আব্দুল কাদের (৫০), জেবুন্নেসা সিদ্দিকা (৪০) ও মো. সেলিম (৪৫), কাওসার হোসেন (৪০), মো. সফিকুল ইসলাম (২১) ও মো. আলহাজ (২৩)।
এদের মধ্যে ওই কারখানার সুপারভাইজার কাদের সোমবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় পূবাইল পুলিশ ক্যাম্পের এএসআই গোলাম সারোয়ার জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে কারখানার মালিকসহ তিনজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, অনুমোদন না নিয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই আসামিরা ওই কারখানা খুলে ব্যবসা শুরু করে।
আগে একবার কারখানাটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলার উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান।
