মুন্সিগঞ্জে সাড়ে ৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ
কোস্ট গার্ড সদস্যরা মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জ নামক স্থানে একটি ট্রলারে তল্লাশি চালিয়ে সাড়ে চার কোটি মিটারের বেশি কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ফেলেছে।
শুক্রবার কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা অঞ্চলের অধীন গজারিয়া স্টেশনের একটি অপারেশন দল গোপন সংবাদে ভোরে অভিযান চালিয়ে ট্রলারসহ তিনজনকে গ্রেপ্তার এবং ৫৮ বস্তা কারেন্ট জাল উদ্ধার করে।
চার কোটি ৬৪ লাখ মিটার দীর্ঘ ওই জালের বাজার মূল্য ৯২ কোটি ৮০ লাখ টাকা।
কারেন্ট জালগুলো উদ্ধারের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তা পুড়িয়ে ফেলা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
